সন্তানদের জন্য কাঁদছেন পথহারা ভারতীয় মা
সন্তান-স্বজনদের হারিয়ে ভারতের এক মা কাঁদছেন। তিনি এখন অবস্থান করছেন ফরিদপুরের সেফহোমে। আইনি জটিলতা এই মাকে তাঁর ঘরে ফিরতে দিচ্ছে না। তিন সন্তানের মা মঞ্জুরী খাতুন (৩৫)। বাড়ি ভারতের বিহার রাজ্যের মোজাফফরপুর জেলার মহালগা থানার গোরকিরহাট গ্রামে। তিনি বর্তমানে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় অবস্থিত ঢাকা বিভাগীয় মহিলা ও শিশু-কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসনকেন্দ্রে (সেফহোম) আছেন। ওই কেন্দ্রের ২৫৮ নম্বর নিবাসী মঞ্জুরী।সেফহোমের নথি থেকে জানা গেছে, চার বছর আগে ২০০৭ সালের ৩ জুন চরভদ্রাসন থানার পুলিশ তাঁকে আটক করে ফরিদপুর কারাগারে পাঠায়। সেখান থেকে এক বছর এক মাস পর ২০০৮ সালের ২৩ জুলাই জেলার মুখ্য বিচারিক হাকিমের নির্দেশে মঞ্জুরীকে সেফহোমে পাঠানো হয়। জেলা কারাগার সূত্রে জানা গেছে, মঞ্জুরীর বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি কোনো অপরাধও করেননি। তাই কারাগারে আটক অন্য আসামিদের সঙ্গে থাকা সংগত নয় বিধায় তাঁকে সেফহোমে পাঠানো হয়।সেফহোম সূত্রে জানা গেছে, মঞ্জুরী আপাতত শান্ত থাকলেও মাঝেমধ্যে তিনি উন্মাদের মতো আচরণ করেন। তখন তিনি কারও কথা শোনেন না, জিনিসপত্র ভাঙচুর করেন। এ কারণে তাঁর মানসিক চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষের উদ্যোগে একবার এবং সেফহোমের উদ্যোগে দুবার পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হয়। তৃতীয়বারের মতো চিকিৎসাশেষে ২০১০ সালের ৮ নভেম্বর তিনি সেফহোমে এসেছেন।সেফহোমের কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মঞ্জুরীর সঙ্গে কথা বলে জানা গেছে, আলম নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। আলমের বাড়ি ভারতের মণিপুর রাজ্যে। আলম ক্ষুদ্র ব্যবসার কাজে মোজাফফরপুরের গোরকিরহাট গ্রামে এলে মঞ্জুরীর তাঁকে ভালো লেগে যায়। ভালোবেসেই তিনি বিয়ে করেন আলমকে। তাঁদের দুই ছেলে জালাল, মনজিত ও এক মেয়ে আকলিমা। কিন্তু স্বামী আলম আরেকটি বিয়ে করায় মঞ্জুরী ও তাঁর সন্তানদের ওপর অত্যাচার চলে। চলে নির্যাতন। স্বামী ও সতিনের নির্যাতন সহ্য করতে না পেরে মঞ্জুরী গোরকিরহাট গ্রামে নানা মো. আলিমের সংসারে ফিরে আসেন। সেখান থেকে কবে এবং কীভাবে মঞ্জুরী বাংলাদেশের ফরিদপুরের চরভদ্রাসনে চলে আসেন, এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. সহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘হিন্দিভাষী মঞ্জুরীর বাড়ি অন্য একটি রাষ্ট্রে হওয়ায় আমরা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাঁর ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছি না।’ মো. সহিদুল্লাহ বলেন, এ ব্যাপারে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনারের সাহায্য-সহযোগিতা পেলে মঞ্জুরীকে তাঁর স্বজনদের কাছে তুলে দেওয়া সম্ভব।