সন্তানদের নিয়ে বিষপানে বাবার আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি তাঁর তিন সন্তানসহ গতকাল বুধবার কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তারা বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানান, গতকাল বিকেলে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর মধুয়্যাই গ্রামের জসিম উদ্দিন (৪০), তাঁর ছেলে এমদাদ হোসেন (১২) ও সাব্বির হোসেন (৬) ও মেয়ে নুসরাত জাহান (৯) বসতঘরের ভেতরে একসঙ্গে কীটনাশক পান করে ছটফট করতে থাকে। এ সময় জসিম উদ্দিনের বড় ছেলে ইকবাল হোসেনের (১৪) চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন জসিম উদ্দিন বলেন, তিনি কিছুদিন ওমানে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তিনি দেশে ফিরে বিষয়টি জানতে পেরে স্ত্রীকে ওই সম্পর্ক রাখতে নিষেধ করেন। এ নিয়ে একাধিক সালিস বৈঠকও হয়। কিন্তু এতেও কাজ হয়নি। এ নিয়ে পারিবারিক অশান্তি দেখা দেয়। দুই মাস তিনি স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। তিনি স্থানীয় সালিসদারদের আবারও বিষয়টি মীমাংসা করে দিতে বলেন। কিন্তু কেউ আর সালিস করতে রাজি হননি। এতে চার সন্তানকে নিয়ে তিনি সমস্যায় পড়ে যান। জসিম উদ্দিন জানান, গত মঙ্গলবার তিনি সন্তানদের নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। বিকেলে তিনি এক বোতল কীটনাশক কিনে বাড়ি নিয়ে যান। গতকাল বিকেলে তিনি নিজে ও তিন সন্তান কীটনাশক পান করলেও বড় ছেলে ইকবাল তা করেনি। ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম চন্দ্র সাহা জানান, বাবা ও তিন সন্তানের পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। জসিমকে আশঙ্কামুক্ত মনে করা হলেও তাঁর সন্তানদের অবস্থা এখনো আশঙ্কামুক্ত বলা যাবে না।