সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমাদের সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠ্যপুস্তকের বাইরেও বই পড়ার সুযোগ করে দিতে হবে। আমরা যাঁরা মানুষ গড়ার কারিগর, অভিভাবক, তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে আমাদের সন্তানেরা প্রকৃত মানুষ হতে পারবে না।’
নীলফামারী নুতন দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিন দিনব্যাপী মাধ্যমিক শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমাদের সময় স্কুল ছিল আনন্দের জায়গা, স্কুলে যে সময়টা থাকতাম ভালোই লাগত। শিক্ষকেরা যেমন শাসন করতেন, তেমন ভালোও বাসতেন। আমাদের সময়ে প্রতি সপ্তাহে ডিবেট হতো, লাইব্রেরি থেকে বই নেওয়া ছিল বাধ্যতামূলক। বই না নিলে শাস্তি পেতে হতো। স্কুলে ফুলের বাগান, খেলাধুলা করার প্রতিযোগিতা হতো। আবৃত্তি, অভিনয়, কবিতা লেখার প্রতিযোগিতা ছিল। বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সবাই যোগ দিতাম। আমাদের সময়ে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের পাঁচটি মাঠে খেলা হতো। আমাদের গেম টিচার ছিলেন সুনীল রতন ব্যানার্জি খোকন দা। তিনি ইংরেজি, বাংলা সব বিষয়ে পারদর্শী ছিলেন। তাঁর স্মরণে এখন নীলফামারীতে খোকন দা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছে।
নীলসাগর গ্রুপের অর্থায়নে বেসরকারি সংস্থা ভাব বাংলাদেশ ও ইউএসএসের আয়োজনে মেলার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন নীলফামারী নুতন দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জসিমউজ জামান, নীলসাগর ক্যাডেট একাডেমির সভাপতি শিক্ষাবিদ আফজালুল হক, ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলী প্রমুখ।
এর আগে সংস্কৃতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া বিভিন্ন বিদ্যালয়ের ১২টি স্টল পরিদর্শন করেন। পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে নুতন দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করেন। বেলা দুইটার দিকে মন্ত্রী নীলসাগরে স্থানীয় যুবকদের স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন-২০২১-এর একটি সমাবেশ ও বনভোজনে অংশ নেন।