সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার পরামর্শ
বাবা-মায়েদের অনেকে সন্তানদের পর্যাপ্ত সময় দেন না। চাকরিসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। তাঁদের সন্তানেরা হতাশায় ভুগতে থাকে। হতাশা থেকে তারা জড়িয়ে পড়ে মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজে। তাই অভিভাবকদের উচিত সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়া, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৫৪ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক ফারজানা রহমান, মেখলা সরকার, ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ ও কেন্দ্রীয় মাদকাসক্তি হাসপাতালের আবাসিক চিকিৎসক আখতারুজ্জামান সেলিম।
আলোচকেরা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কখন ফিরছে—প্রতিটি বিষয়ে বাবা-মাকে খোঁজ নিতে হবে। সন্তানেরা যাদের সঙ্গে মিশছে, তাদের সম্পর্কেও খোঁজ নিতে হবে। সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক গড়তে হবে, যাতে সন্তানেরা বাবা-মাকে সবকিছু খুলে বলতে পারে।
বক্তারা আরও বলেন, অনেকে মনে করেন, মাদকাসক্ত ব্যক্তিকে বিয়ে করালে হয়তো তারা মাদক ছেড়ে দেবে, এ ধারণাও ঠিক নয়; বরং ধৈর্য নিয়ে চিকিৎসা করালে তারা সুস্থ হয়ে ওঠে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী আয়োজন ২০ ডিসেম্বর বিকেল চারটায় একই স্থানে অনুষ্ঠিত হবে।