সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার পরামর্শ

বাবা-মায়েদের অনেকে সন্তানদের পর্যাপ্ত সময় দেন না। চাকরিসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। তাঁদের সন্তানেরা হতাশায় ভুগতে থাকে। হতাশা থেকে তারা জড়িয়ে পড়ে মাদকসহ বিভিন্ন প্রকার অসামাজিক কাজে। তাই অভিভাবকদের উচিত সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়া, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদক-বিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৪৬ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, পাবনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া, আহসানিয়া মিশনের সহকারী পরিচালক ইকবাল মাসুদ।
আলোচকেরা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কখন ফিরছে, প্রতিটি বিষয়ে বাবা-মাকে খোঁজ নিতে হবে। সন্তানেরা যাদের সঙ্গে মিশছে তাদের সম্পর্কেও খোঁজ নিতে হবে। সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক গড়তে হবে যাতে সন্তানেরা বাবা-মাকে সব কিছু খুলে বলতে পারে।
বক্তারা আরও বলেন, অনেকে মনে করেন মাদকাসক্ত ব্যক্তিকে বিয়ে করালে হয়তো তারা মাদক ছেড়ে দেবে, এ ধারণাও ঠিক নয়। বরং ধৈর্য নিয়ে চিকিৎসা করালে তারা সুস্থ হয়ে ওঠে।
প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী আয়োজন ৮ ফেব্রুয়ারি বিকেল চারটায় একই স্থানে অনুষ্ঠিত হবে।