সন্তানসম্ভবা নারীর অ্যাম্বুলেন্সটিআটকে দিলেন ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়া এক ব্যক্তি একটি অ্যাম্বুলেন্স আটক করে সন্তানসম্ভবা মুমূর্ষু এক নারীকে নামিয়ে দেন। গতকাল শনিবার ওই ব্যক্তির গাড়ির সঙ্গে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অ্যাম্বুলেন্সটির ধাক্কা লাগার পর ক্ষতিপূরণ আদায় করতে তিনি এ কাজ করেন।বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স সন্তানসম্ভবা এক নারীকে নিয়ে ক্যাম্পাস থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি টঙ্গীর কুনিয়া বাজার এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা মনির নামের এক ব্যক্তির গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই গাড়িটির কিছুটা ক্ষতি হয়। মনির অ্যাম্বুলেন্সের চালককে মারধর করে গাড়িটি আটকে রেখে ক্ষতিপূরণ দাবি করেন। অ্যাম্বুলেন্সের লোকজন জানান, গাড়িতে সন্তানসম্ভবা একজন নারী আছেন, তাঁকে দ্রুত হাসপাতালে নিতে হবে। তার পরও মনির অ্যাম্বুলেন্সটি ছেড়ে না দেওয়ায় প্রায় আধঘণ্টা পর আরেকটি গাড়ি ভাড়া করে ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মনিরের গাড়ি বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ থেকে মেরামত করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু মনির এতে রাজি না হয়ে ২২ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন। গতকাল রাত সোয়া আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অ্যাম্বুলেন্সটি সেখানে আটক ছিল।বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ পরিচালক মো. আলাউদ্দীন প্রথম আলোকে জানান, ‘আমরা তাঁকে একাধিকবার বলেছি, বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ থেকে মেরামত করে দেওয়া হবে। তিনি কোনো কথাই শুনছেন না। তা ছাড়া একজন সন্তানসম্ভবা নারীকে এভাবে নামিয়ে দেওয়া অমানবিক।’ এ ব্যাপারে ছাত্রলীগের নেতা মনির বলেন, ‘এটা তো পত্রিকায় দেওয়ার কোনো নিউজ না। আমার গাড়ির যে ক্ষতি হয়েছে, তা মেরামত করে দিলেই অ্যাম্বুলেন্স ছেড়ে দেব।’ ছাত্রলীগে কোন পদে আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলা যাবে না, সমস্যা আছে।’ রাত নয়টার দিকে পুলিশের হস্তক্ষেপে মনির অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেন বলে জানা গেছে।