সন্তানসম্ভবা পাখির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মলেন্দু গুণ আমাদের গুরুত্বপূর্ণ কবিদের একজন। তাঁর প্রথম কবিতার বই প্রেমাংশুর রক্ত চাই ১৯৭০ সালে যখন প্রকাশিত হয়, তখনই তা আমাদের কাব্যামোদী মহলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। তারপর থেকে কবি হিসেবে গুণকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বিংশ শতকের ষাটের দশক থেকে শুরু করে পুরো সত্তরের দশক পর্যন্ত কবি হিসেবে যে জীবন তিনি যাপন করেছেন, সেটা যেমন তাঁকে চোখের আড়াল হতে দেয়নি, তেমনি ১৯৭৫-এর ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাঁকে নিয়ে কবিতা লিখে জমাটবদ্ধ শোক ও তাঁর নামোচ্চারণের নিষেধাজ্ঞার রুদ্ধ দরজায় করাঘাত করে যে সাহসের পরিচয় তিনি দেন, তা আমূল পাল্টে দেয় তাঁর বোহেমিয়ান জীবনের দৃশ্যপটকে। পরিণত করে তাঁকে নতুন মানুষে, নতুন এক কবি-কারুকারকে।
নির্মলেন্দু গুণের যেকোনো রচনারই, বিশেষত কবিতার বইয়ের প্রকাশ-ঘটনা কোনো না কোনোভাবে আলোচনার বিষয় হয়ে ওঠে। বইমেলা উপলক্ষে অবসর প্রকাশনা সংস্থা প্রকাশিত তাঁর নতুন কবিতার বই একটি সন্তানসম্ভবা পাখির গল্প তেমন প্রকৃতির বই, যাতে কাব্যিক উচ্চারণ আছে, দর্শন আছে, প্রেম আছে।
এ বইয়ের প্রায় প্রতিটি কবিতায় আছে তার পরিচয়। যেমন এ বইয়ের নাম-কবিতা ‘একটি সন্তানসম্ভবা পাখির গল্প’র কথাই ধরা যাক। কবিতাটি শুরু করেছেন তিনি এভাবে, ‘একজন পাখিবিশারদ আমাকে বলেছিলেন—/ “পাখিদের আপনি নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন।/ ওরা কখনও মিথ্যা কথা বলে না।”/ ...আসলে আমরা পরস্পরকে ভালোবেসে ফেলেছি।/ ...আমি খড়াবিচালি দিয়ে আমার জানালার কার্নিশে/ ওর জন্য একটা ছোট্ট আঁতুড়ঘর বানিয়ে দিয়েছি।/ ও খুব খুশি হয়ে কানে কানে আমাকে বলেছে—/ “তুমি আমার যোগ্য স্বামীর দায়িত্ব পালন করেছো।/ আমার সন্তান তোমাকে বাবা বলে ডাকবে।”’
মোট ৮১টি ছোট-বড় কবিতার বই একটি সন্তানসম্ভবা পাখির গল্প। এ বইয়ের ‘লজ্জা’ কবিতাটি দু-লাইনের, যেখানে গুণ বলেন, ‘নারীস্তন্য পানে শিশুরা লজ্জা পায় না,/ আর লজ্জা পায় না বলেই তারা বাঁচে।’ বইটি পাওয়া যাচ্ছে অবসর প্রকাশন সংস্থার প্যাভিলিয়নে।