সন্তানের আচরণে পরিবর্তন দেখলে পুলিশকে জানান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানের আচরণে পরিবর্তন দেখলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, পরিবার থেকে জঙ্গিবাদবিরোধী মনোভাব তৈরি করতে হবে। সন্তানের মধ্যে পরিবর্তন দেখলে সতর্ক হতে হবে, সন্তানের বিষয়ে খোঁজ নিতে পুলিশকে জানাতে হবে।
গতকাল বুধবার গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বিশেষ রঙের রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাসসেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদুল হক এসব কথা বলেন।
পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘সন্তান যদি খুব বেশি মসজিদে যায়, প্রচলিত ইসলামব্যবস্থার বিরুদ্ধে বিতর্ক তোলে, তাহলে বুঝবেন তার মধ্যে পরিবর্তন আসার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আছে। জঙ্গিবাদী গোষ্ঠীগুলো এভাবেই তরুণদের মগজ ধোলাই করে।’
গুলশানে হলি আর্টিজানের হামলার ঘটনায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, হামলায় বাংলাদেশে যেসব বিদেশি বসবাসকারী আছে তাদের মধ্যে শঙ্কা, উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিদেশি যারা আছে তাদের মধ্যে নিরাপত্তা বোধ ফিরিয়ে আনতে হবে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশিদের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা হচ্ছে।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজিয়েছে। নিয়মিত চেকপোস্ট, ব্লক রেইড, তল্লাশি হচ্ছে। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের মতো কূটনৈতিক এলাকায় পুলিশের উপস্থিতি বাড়িয়ে নাগরিকদের মন থেকে অপরাধ ভীতি কমিয়ে নিরাপত্তা আস্থা বাড়াতে চেষ্টা করা হচ্ছে।