সন্তানের জন্য এখনো হাসপাতালে ভারতীয় নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় নাগরিক রোখসানা আকতার। প্রথম আলো ফাইল
ভারতীয় নাগরিক রোখসানা আকতার। প্রথম আলো ফাইল

ভারতীয় নাগরিক রোখসানা আকতার ও তাঁর নবজাতক এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। রোখসানার শারীরিক কোনো জটিলতা না থাকলেও তাঁর সন্তানের অবস্থা ভালো নেই। আর রোখসানার স্বামী আবদুল হক আছেন কারাগারে।

রোখসানা গত ১৮ জুন রাত একটার দিকে কমলাপুর রেলস্টেশনে অবস্থিত সরকারি রেলওয়ে (জিআরপি) থানার শৌচাগারে সন্তান প্রসব করেন। মা ও নবজাতককে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোখসানার সন্তানের জন্ডিসসহ নানা জটিলতা দেখা দেওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল কেয়ার বেবি ইউনিটে (স্ক্যাবু) ভর্তি করা হয়। রোখসানা অভিযোগ করেন, তাঁর পেটের সন্তান মারা গেছে চিকিৎসকের কাছে, এ কথা শোনার পর স্বামী তাঁকে স্টেশনে ফেলে চলে গেছেন।

জিআরপি থানা ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে রোখসানার স্বামী আবদুল হককে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে রোখসানার স্বামীর দাবি, তিনি স্ত্রীকে ফেলে যেতে চাননি।

কারাগারে যাওয়ার আগে জিআরপি থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে রোখসানার স্বামী আবদুল অন্তঃসত্ত্বা স্ত্রীকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ফেলে যাওয়ার কথা স্বীকার করেছিলেন। স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে সিগারেট কেনার নাম করে তিনি ট্রেন থেকে নেমে যান বলে জানিয়েছিলেন পুলিশকে। তবে আবদুল প্রথম আলোকে বলেছিলেন, গত ১৮ জুন রাজধানীর আজিমপুরে কবরস্থানের কাছে বোনের বাসা থেকে স্ত্রী ও বোনকে সঙ্গে নিয়ে প্রথমে আজিমপুর ম্যাটারনিটি হাসপাতালে যান। সেখানকার চিকিৎসক রোখসানাকে পরীক্ষা করে জানান, পেটের সন্তানের অবস্থা ভালো না। এরপর রাতে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য স্টেশনে এসে ট্রেনে ওঠেন। ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ আগে স্ত্রী পানি খেতে চাইলে পানি কেনার জন্য ট্রেন থেকে নামলে ট্রেন ছেড়ে দেয়।

রোখসানা আকতারের স্বামী আবদুল হক। প্রথম আলো ফাইল ছবি
রোখসানা আকতারের স্বামী আবদুল হক। প্রথম আলো ফাইল ছবি

ট্রেনের কর্মী এবং থানায় কর্মরতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৮ জুন রাতে ট্রেনটি নারায়ণগঞ্জে পৌঁছানোর পর সব যাত্রী নেমে গেলে কর্মীরা যখন ট্রেনের বগি চেক করতে যান, তখন রোখসানাকে দেখতে পান। পরে ট্রেনে করেই রোখসানাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আনা হয়। রাত প্রায় একটার দিকে জিআরপি থানার সামনে এসে রোখসানা শৌচাগারে যেতে চাইলে ট্রেনের লোকজন এবং থানার প্রহরী আলাউদ্দিনের সহায়তায় থানার অফিসার ও ফোর্সরা যে শৌচাগার ব্যবহার করেন তাতে যান রোখসানা। শৌচাগার থেকে অনেকক্ষণ পরেও তিনি না বের হওয়ায় থানার কর্মরত নারী কনস্টেবল ও স্টেশনের মানুষজনের সহায়তায় শৌচাগার থেকে রোখসানা ও নবজাতককে উদ্ধার করা হয়।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার আজ শনিবার প্রথম আলোকে বলেন, হাসপাতালে ভর্তি রোখসানার সন্তানের অবস্থা ভালো নেই। তাই হাসপাতাল থেকে রোখসানাকেও ছাড়া যাচ্ছে না। তাঁকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। রোখসানার স্বামীর বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ে তদন্ত চলছে।

পুলিশের কাছে আবদুলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২ সালে আবদুল হক (৩৩) অবৈধভাবে ভারতে যান বাংলাদেশি স্ত্রীসহ। তারপর বেঙ্গালুরুতে আসবাবপত্রের কাজ করার সময় রোখসানার সঙ্গে পরিচয়। দেড় বছর আগে রোখসানাকে বিয়ে করেন। ২ জুন রোখসানাকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন আবদুল। আবদুলের বাড়ি চাঁদপুরের মতলবে।