সন্তানের টানে চুরির টাকা-গয়না ফেরত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাড়িওয়ালার ঘর থেকে চুরি করে নেওয়া টাকা ও স্বর্ণালংকার ফেরত দিয়ে ফেলে যাওয়া শিশুসন্তানকে বুকে তুলে নিয়েছেন এক মা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফাতেমা বেগম ফিরে এসে থানা থেকে তাঁর সন্তানকে বুঝে নেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, বুধবার ভোরে উপজেলার দক্ষিণ তারাব এলাকার বাড়িওয়ালা আলতাফ হোসেনের ঘরে থাকা ৮৫ হাজার টাকা, তিন ভরি সোনার গয়না, মুঠোফোনের দুটি সেট চুরি করে ছয় মাসের শিশুসন্তান রাকিবাকে ঘরে ফেলে রেখেই ফাতেমা বেগম (২২) পালিয়ে যান। নিজের ভুল বুঝতে পেরে সন্তানের টানে ফিরে আসেন তিনি। চুরি করে নেওয়া ওই টাকা ও গয়না ফেরত দিয়ে তিনি সন্তান রাকিবাকে কোলে তুলে নেন।ফাতেমা বেগম বলেন, ‘আমি বুঝতে পারিনি। তাই সন্তানকে ফেলে রেখে লোভে পড়ে টাকা-পয়সা ও গয়না নিয়ে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু দুনিয়াতে টাকা-পয়সা ও ধন-দৌলতের চেয়ে বড় হলো সন্তান। সন্তানের কারণে আমি পাগল হয়ে গিয়েছিলাম।’