সন্তানের পর মারা গেলেন জুরাইনে দগ্ধ বাবা-মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের পাইপলাইনের ছিদ্র থেকে লাগা আগুনে পুড়ে শেষ হয়ে গেল পুরো পরিবারটি। গত ২২ অক্টোবর রাজধানীর জুরাইনে ভাড়া বাসায় আগুনে দগ্ধ হয়েছিল তিন সদস্যের পরিবারটি। এরপর ২৮ অক্টোবর পরিবারের কনিষ্ঠ সদস্য রনির মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সাড়ে নয় ঘণ্টার ব্যবধানে মারা যান গৃহকর্তা আবুল কালাম আজাদ (৫০) ও তাঁর স্ত্রী জেসমিন বেগম (৪০)।

এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উত্তরার ১৩ নম্বর সেক্টরে গ্যাসের পাইপলাইনে ছিদ্র থেকে ঘটা অগ্নিকাণ্ডে পাঁচ সদস্যের পরিবারের চারজন মারা যান। প্রথম আলোর হিসাবে, এ রকম ছিদ্র থেকে রাজধানীতে চলতি বছরে তিনটি ঘটনায় ১৫ জনের মৃত্যু হলো। আহতের সংখ্যা এর দ্বিগুণ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে জেসমিন বেগমের মৃত্যু হয়। এরপর গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁর স্বামী আজাদও মারা যান। ২৮ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তাঁদের একমাত্র সন্তান রনির মৃত্যু হয়। ওই ঘটনায় দগ্ধ আরও দুজন বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাঁরা হলেন আজাদের ভাতিজি শারমীন ও প্রতিবেশী শিশু সোহানা।

হাসপাতালে এই দম্পতির স্বজন ও পুলিশ বলেছে, ২২ অক্টোবর জুরাইনের মদীনা মসজিদ এলাকার ভাড়া বাসায় অগ্নিদগ্ধ হন পরিবারটির তিন সদস্যসহ পাঁচজন। প্লাস্টিক কারখানার কর্মী আবুল কালাম আজাদ অক্টোবর মাসেই ওই বাড়িতে ভাড়াটে হিসেবে ওঠেন। ৫ অক্টোবর হঠাৎ পাইপের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়, তবে বড় রকমের ক্ষতি হয়নি। ওই আগুনে আবুল কালামের মাথার চুল পুড়ে যায়। তখন বাড়ির মালিককে বিষয়টি জানানো হলে তিনি সিমেন্ট দিয়ে ছিদ্রটি বন্ধ করে দেন। পরে ২২ অক্টোবর সকাল আটটার দিকে আবুল কালাম ধূমপানের জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয় এবং আগুন ধরে যায়। আগুনে ওই পাঁচজন দগ্ধ হন এবং বাসায় থাকা কিছু জিনিসপত্র পুড়ে যায়, টিনের ঘরটিও ক্ষতিগ্রস্ত হয়।

কদমতলী থানার পুলিশ বলেছে, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।