সন্তানের পরামর্শে মাদক ত্যাগের অঙ্গীকার
‘ছেলেমেয়েরা বড় হইছে। তারা মাদক ব্যবসাডা ভালা চোখে দেহে না। বড় মাইয়্যা কলেজে পড়ে। মাদক ব্যবসা করি বইল্যা সেও আমারে ভালা পায় না। এই ব্যবসা না ছাড়লে মইরা যাইবগা (আত্মহত্যা) বইলা হুমকি দেয়। তাই এ ব্যবসা ছাইড়া দেওয়ার সিদ্ধান্ত নিছি।’কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালীসিমা গ্রামের আবদুল বাছির (৪৫)। তাঁর পথ ধরে একই গ্রামের আরও দুজন মাদক ব্যবসায়ী তাঁদের পেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তাঁরা হলেন আবুল কালাম (৩৮) ও তাঁর ছোট ভাই আবদুল কাইয়ুম (২৭)।গত রোববার বিকেলে ওই মাদক ব্যবসায়ীরা পুলিশ সুপারের কার্যালয়ে এসে আত্মসমর্পণ করে এই ব্যবসা থেকে ফিরে আসার লিখিত অঙ্গীকার করেন। আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘প্রায় ছয় বছর আগে ঋণের টাকা দিয়ে কাজের সন্ধানে সৌদি আরব গিয়েছিলাম। কিন্তু তিন মাস পর সেখান থেকে খালি হাতে দেশে ফিরে আসি। এ সময় কোনো কাজ না পেয়ে কয়েকজনের উৎসাহে এ পেশায় জড়িয়ে পড়ি।’ এসব নিজের কাছেও খারাপ লাগে। তাই ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ওই মাদক ব্যবসায়ীরা জানান, কৃষিকাজের তুলনায় মাদক বিক্রি করে টাকা বেশি আসে বলেই তাঁরা এ পেশায় এসেছিলেন। কিন্তু ঘৃণিত পেশা হওয়ায় একসময় নিজের স্ত্রী-সন্তানও তাঁদের ঘৃণা করতে শুরু করেন। তা ছাড়া মাদক ব্যবসায় পুলিশের অভিযানসহ নানা ঝুঁকি থাকে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, এ ধরনের উদ্যোগ মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনুপ্রাণিত করবে।