সন্তানের প্রতিটি বিষয়ে বাবা-মাকে খোঁজ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল প্রথম আলো আয়োজিত ‘আসুন মাদকমুক্ত থাকি’ শীর্ষক পরামর্শ সহায়তা অনুষ্ঠানে (বাঁ থেকে) জিল্লুর রহমান খান, মেখলা সরকার, জোবায়ের মিয়া ও আহমেদ হেলাল l ছবি: প্রথম আলো
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল প্রথম আলো আয়োজিত ‘আসুন মাদকমুক্ত থাকি’ শীর্ষক পরামর্শ সহায়তা অনুষ্ঠানে (বাঁ থেকে) জিল্লুর রহমান খান, মেখলা সরকার, জোবায়ের মিয়া ও আহমেদ হেলাল l ছবি: প্রথম আলো

মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কখন ফিরছে—প্রতিটি বিষয়ে বাবা-মাকে খোঁজখবর নিতে হবে। সন্তানেরা যাদের সঙ্গে মিশছে, তাদের সম্পর্কেও খোঁজ নিতে হবে। সন্তানদের সঙ্গে মা-বাবাকে এমন সম্পর্ক গড়তে হবে, যাতে সন্তানেরা বাবা-মাকে সবকিছু খুলে বলতে পারে।
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল রোববার অনুষ্ঠিত মাদকবিরোধী পরামর্শ সহায়তার ৭৪তম অনুষ্ঠানে উপস্থিত মনোরোগ চিকিৎসকেরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, মেখলা সরকার, জিল্লুর রহমান খান ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া। সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি সমন্বয়ক ফেরদৌস ফয়সাল।
এক অভিভাবক বললেন, সন্তান মাদকাসক্ত হলে চিকিৎসা করান, হতাশ হবেন না। প্রিয়জন মাদকাসক্ত হলে ওই পরিবারের কী অবস্থা হয়, ভুক্তভোগী ছাড়া তা কেউ বুঝবেন না।
আলোচকেরা বলেন, কোনো ব্যক্তি ঘুমের ওষুধ ও সিগারেটের মাধ্যমে নেশায় জড়িয়ে পড়তে পারেন। মাদক গ্রহণ করার জন্য মাদকাসক্তরা অনেক মিথ্যা কথা বলেন, এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।

প্রতি মাসে মাদকাসক্ত ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে একটি পরামর্শ সহায়তা অনুষ্ঠান হয়। গতকালের এই আয়োজনে ২৪টি পরিবার অংশ নেয়। সমস্যার ধরন অনুযায়ী মনোরোগ চিকিৎসকের পরামর্শ বিনা মূল্যে গ্রহণ করতে ০১৭১৬২৪২২১৫ নম্বরে অনুষ্ঠানের আগেই নাম অন্তর্ভুক্ত করতে হয়। তা ছাড়া প্রথম আলো বিজ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের আগাম তারিখ জানিয়ে দেয়।