সন্তানের পড়া নিয়ে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের মেয়েকে পড়ার জন্য চাপ দিচ্ছিলেন মা। বাদ সেধেছিলেন বাবা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি, ঝগড়া, মান-অভিমান। একপর্যায়ে অভিমানী স্ত্রী আত্মহত্যা করে বসেন। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তাঁর নাম রোকসানা আক্তার (২৫)। টঙ্গী থানা-পুলিশ গতকাল শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে রোকসানা তাঁর মেয়েকে ঘুম না পাড়িয়ে পড়াশোনার জন্য চাপ দিচ্ছিলেন। এ সময় স্বামী লিটন মিয়া মেয়েকে লেখাপড়ার জন্য চাপাচাপি করতে বারণ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিটন তাঁর মেয়েকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে পাশের চায়ের দোকানে যান। রাত সাড়ে ১০টার দিকে তিনি বাসায় ফিরে নিজ ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশ রাতেই তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল সকালে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে রোকসানার লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। লিটনের গ্রামের বাড়ি কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয় থানা এলাকায় ও রোকসানার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলফাডাঙ্গায়। তাঁরা টঙ্গীতে ভাড়া থাকতেন।