সন্তানের বিদায় বেলায় অঝোরে কাঁদলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাফনে আবৃত চিরনিদ্রিত ছেলে ফয়সল আরেফিনকে মা ফরিদা প্রধানের (বাঁয়ে) স্নেহের শেষ স্পর্শ। ডানে ফয়সলের শোকাতুর শাশুড়ি। মরদেহ মর্গ থেকে বাসায় নিয়ে যাওয়া হলে কান্নায় ভেঙে পড়েন ফয়সলের স্বজনেরা l ছবি: সাজিদ হোসেন
কাফনে আবৃত চিরনিদ্রিত ছেলে ফয়সল আরেফিনকে মা ফরিদা প্রধানের (বাঁয়ে) স্নেহের শেষ স্পর্শ। ডানে ফয়সলের শোকাতুর শাশুড়ি। মরদেহ মর্গ থেকে বাসায় নিয়ে যাওয়া হলে কান্নায় ভেঙে পড়েন ফয়সলের স্বজনেরা l ছবি: সাজিদ হোসেন

গত শনিবার সন্ধ্যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতির কার্যালয় থেকে ছেলের মৃতদেহ উদ্ধার করেন বাবা আবুল কাসেম ফজলুল হক। মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যান। পরে সাংবাদিকদের হাজারো প্রশ্নের উত্তর দেন। আপাতশক্ত বাবা আর পারলেন না। ভেতরে-ভেতরে কতটা বিধ্বস্ত তিনি, তা বোঝা গেল সন্তানের বিদায় দেওয়ার সময়। কাঁদলেন অঝোরে।
আর ফয়সল আরেফিনের ছেলে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে স্কুলের পোশাকে এসে পৌঁছায় বাবার জানাজায়। জানাজার আগে উপস্থিত সবার উদ্দেশে সে বলে, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। বাবা জান্নাতবাসী হবেন।’ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বললেন, ‘আমার ছেলে সব সময় সৎ ভাবে বাঁচতে চেয়েছিল, তার কোনো শত্রু ছিল না। যেকোনোভাবে সে জীবিকা নির্বাহ করতে চেয়েছিল।’ জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বাবা আর কিশোর সন্তান নিহত ফয়সল আরেফিনের জন্য দোয়া চাইলেন।

ফয়সল আরেফিন
ফয়সল আরেফিন

বেলা পৌনে একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর মরদেহ আনা হয়। পরে বাদ জোহর তাঁর জানাজা হয়। জানাজায় অংশ নেন ফয়সলের পরিবারের সদস্য, বন্ধু, লেখক-প্রকাশক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা শেষে তাঁর মরদেহকে শেষ দেখার জন্য রাখা হয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে অনেকে তাঁকে ফুলের শুভেচ্ছায় শেষ বিদায় জানান। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় কবরস্থানে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আবুল কাসেম ফজলুল হক ময়নাতদন্তের পর ছেলের মরদেহ নিয়ে ফেরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষক-কর্মকর্তাদের কোয়ার্টারে। যখন ফয়সলকে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, তখন কোয়ার্টারের গাড়িবারান্দা লোকে লোকারণ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আত্মীয়স্বজন, ফয়সলের বন্ধু-বান্ধব সবাই এসে তখন মিশেছেন এক জায়গায়। মাথার কাছে তখনো বসে বাবা। এই মানুষটি ছেলের মরদেহের সঙ্গে ছিলেন আগের রাত একটা পর্যন্ত। ভোরের আলো ফুটতে না ফুটতেই আবার ছুটেছেন হাসপাতালে।
এত এত মানুষের ভিড় ঠেলে একটা সময় স্বামীর কাছাকাছি পৌঁছান স্ত্রী রাজিয়া রহমান। একটা সময় আসেন ফয়সলের মা। ছেলের মুখের ওপর ঝুঁকে পড়ে কী যেন খোঁজেন। ওদিকে গাড়িবারান্দার কাছেই তখন শূন্য খাটিয়া ফয়সলের অপেক্ষায়।
দোয়া: ফয়সলের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের পাশে ফয়সলের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ফয়সলের পরিবারের সদস্যরা তাঁর সব শুভানুধ্যায়ীকে সেখানে যাওয়ার আবেদন জানিয়েছেন।