সন্তানের বিয়ে পর্যন্ত ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের দায়ে নাটোরে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায়ে জেলা প্রশাসককে এবং ধর্ষণের কারণে জন্ম নেওয়া সন্তানকে বিয়ে দেওয়া পর্যন্ত যাবতীয় ভরণপোষণ দিতে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে।
নাটোর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল গতকাল মঙ্গলবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম চন্দন কুমার (৩১)। তাঁর বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার একটি গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চন্দন কুমার বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১০ সালের ১৭ জুন প্রতিবেশী এক নারীকে (২৫) ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় ওই নারীর পরিবার বাদী হয়ে বাগাতিপাড়া থানায় চন্দন কুমার ও তাঁর সহযোগী বাবলুর (৪০) বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত চলাকালে ওই নারী একটি মেয়েসন্তান জন্ম দেন। পরে ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়, সন্তানটি আসামি চন্দন কুমারের ঔরসজাত। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল দুপুরে রায় ঘোষণা করেন। এ সময় ধর্ষণের শিকার মেয়েটি, তাঁর শিশুসন্তান ও দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে আসামি চন্দন কুমারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত। আগামী ছয় মাসের মধ্যে তাঁর কাছ থেকে টাকা আদায় করে ক্ষতিপূরণ হিসেবে ধর্ষণের শিকার নারীর হাতে তুলে দিতে নাটোরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে মামলা দায়েরের তারিখ থেকে ওই সন্তানকে বিয়ে দেওয়া পর্যন্ত যাবতীয় ভরণপোষণ রাষ্ট্রকে বহন করার আদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি বাবলুকে খালাস দেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী লোকমান হোসেন বলেন, তাঁরা ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
তবে বাদীপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, এটা একটা দৃষ্টান্তমূলক রায়। রায়ে অপরাধীকে দণ্ডিত করার পাশাপাশি শিশুসন্তানটির ভরণপোষণের ব্যবস্থা নিতে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে শিশুটির সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে।