সন্তানের মুখ দেখা হলো না তাজের
সৌদি আরবে কাজ করতেন তাজ উদ্দিন (৩৬)। প্রায় দুই বছর আগে তিন মাসের ছুটি নিয়ে দেশে এসে বিয়ে করেন। ছুটি শেষে আবার চলে যান কর্মস্থলে। এরই মধ্যে তাঁর স্ত্রী এক কন্যাশিশুর জন্ম দেন। কিন্তু সন্তানের মুখ আর দেখা হলো না তাঁর। ২৫ মার্চ সেখানে এক দুর্ঘটনায় মারা যান তিনি।
নিহত তাজ উদ্দিনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামে।
তাজ উদ্দিনের ছোট ভাই মঈন উদ্দিন গতকাল বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে বলেন, তাজ ২০০৪ সালে সৌদি আরবে যান। তিনি সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। ২০১৫ সালে তিনি ছুটি পেয়ে দেশে ফিরে বিয়ে করেন। তিনি সম্প্রতি দেশটির আলবা শহরে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনে কাজ নেন। ২৫ মার্চ সন্ধ্যায় সেখানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। গত বুধবার রাতে সৌদি আরবে থাকা আত্মীয়দের মাধ্যমে তাঁরা এ দুর্ঘটনার খবর পান। তাঁর লাশ দেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে।