সন্তানের মুখ দেখা হলো না তামান্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমএসএস পরীক্ষার প্রস্তুতি হিসেবে গতকাল বৃহস্পতিবার ছিল নির্বাচনী পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নেবেন না বলে সহপাঠীদের আগেই জানিয়েছিলেন হাজী মুহাম্মদ মুহসীন কলেজের অর্থনীতি বিভাগের ছাত্রী রাবেয়া তামান্না সিদ্দিকী। কারণ, আগামী মার্চে তাঁর কোলজুড়ে সন্তান আসার কথা ছিল। কিন্তু সেই মুখ আর দেখা হলো না তামান্নার।গত বুধবার শেষ রাতে চান্দগাঁও আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে স্বামীসহ পরিবারের আরও চার সদস্যের সঙ্গে মৃত্যু হয় তামান্নার। পারিবারিক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাবের মো. ইকবালের সঙ্গে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের তামান্নার বিয়ে হয় গত বছরের ১২ ফেব্রুয়ারি। পরিবারের সদস্যরা প্রথম আলোকে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া ছিল চমৎকার। মৃত্যুর আগমুহূর্তেও তা তাঁরা দেখিয়ে গেছেন। জাবেরের ছোট ভাই জোবাইর ইকবাল বলেন, আগুন লাগার খবর শুনে জাবের প্রথমে দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে নামেন। কিন্তু স্ত্রীকে বাঁচানোর উদ্দেশ্যে তিনি আবার ওপরে ওঠে যান। দুজন একসঙ্গে বাঁচার চেষ্টাও করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। একসঙ্গেই মৃত্যু হয় দুজনের, আর তাঁদের সেই অনাগত শিশুর। তামান্নার বাবা আবদুল হান্নান সিদ্দিকী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে চোখ মুছতে মুছতে বলেন, ‘গত ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল আমার মেয়ের। আরেকটি ফেব্রুয়ারি ঘুরে আসেনি। মেয়েটি আমার এমন দুর্ভাগা।’ তামান্নার সহপাঠী মারিয়াম ইসলাম ও তানজিনা নাসরিন বলেন, ‘পরীক্ষা দেওয়ার জন্য তামান্নার সব ধরনের প্রস্তুতিই ছিল। কিন্তু জীবনের প্রথম সন্তান আসবে—এমন প্রতীক্ষা তাঁকে সবকিছু ভুলিয়ে রেখেছিল। তা ছাড়া শেষদিকে সে খানিকটা অসুস্থও বোধ করছিল। আমরা সান্ত্বনা দিয়ে বলেছি, প্রথম সন্তান গর্ভে আসায় হয়তো বেশি অসুস্থ মনে হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব সুখ-অসুখের ঊর্ধ্বে চলে গেল তামান্না। আর ওর সন্তানও দেখল না পৃথিবীর আলো।’