সন্তানের মুখও দেখা হলো না তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর  আলম
জাহাঙ্গীর আলম

সোমবার দুপুর ১২টা৷ হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকছিলেন অন্তঃসত্ত্বা শামসুন্নাহার। গিয়েছিলেন স্বাস্থ্যকেন্দ্রে৷ আর এক মাস পর তাঁর সন্তান হওয়ার কথা৷ এই প্রথম তাঁকে স্বামী জাহাঙ্গীর আলমকে ছাড়াই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হলো৷ কারণ, স্বামী যে চলে গেছেন না-ফেরার দেশে৷ সন্তানের মুখটাও দেখা হলো না তাঁর৷
নারায়ণগঞ্জে অপহরণের পর খুন হওয়া সাতজনের একজন জাহাঙ্গীর আলম৷ তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের বন্ধু মনিরুজ্জামান স্বপনের গাড়ির চালক৷ গত ২৭ এপ্রিল দুপুরে স্বপনের ওই গাড়িসহ অপহৃত হন নজরুল, স্বপন, রফিকুল ইসলাম লিটন, তাজুল ইসলাম ও জাহাঙ্গীর৷ ৩০ এপ্রিল লিটন ছাড়া বাকি চারজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়৷
জাহাঙ্গীরের বাড়ি সিদ্ধিরগঞ্জে৷ দোতলা পৈতৃক ওই বাড়িতে জাহাঙ্গীররা তিন ভাই থাকেন৷ তবে হাঁড়ি আলাদা৷ ঘরে ঢোকার কিছুক্ষণ পর শামসুন্নাহার জানালেন, ১১ মাস আগে কাউকে না জানিয়ে তাঁরা বিয়ে করেছিলেন। একটা ঘরও ভাড়া করেছিলেন। স্বামী এ অবস্থায় চলে যাবেন, তা স্বপ্নেও ভাবেননি তিনি৷
ঘরের দেয়ালে স্টুডিওতে তোলা ছবি ও একটি পোস্টার৷ শামসুন্নাহার অন্তঃসত্ত্বা হওয়ার পর পোস্টারটি লাগিয়েছিলেন জাহাঙ্গীর৷ পোস্টারে লেখা ‘মা ও শিশুর যত্ন নিন’৷ শামসুন্নাহার জানান, অন্য দুই ভাই দোকানে কাজ করলেও জাহাঙ্গীরের পছন্দ ছিল গাড়ি চালানো৷ ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন, দুরন্তগতিতে গাড়ি চালাবেন৷ চালাতেনও৷ একসময় ‘দুরন্ত’ (যাত্রীবাহী টেম্পো) গাড়ি চালাতেন৷ ফজরের আজানের সময় বেরিয়ে ফিরতেন রাত ১২টা-১টায়৷ এর রাশ টেনে ধরেন শামসুন্নাহার৷ তাই ব্যক্তিগত গাড়ি চালানো শুরু করেন৷ বেতন কম হলেও ঝুঁকিও কম৷ দুপুরে মা ও স্ত্রীর সঙ্গে ভাত খেতে আসতে পারছিলেন৷ জীবনকে ভালোবাসতে শিখছিলেন৷
তবে এই চাকরি ছাড়ার কথা ভাবছিলেন জাহাঙ্গীর৷ শামসুন্নাহার বলেন, ‘অপহরণ হওয়ার দুই দিন আগে রাতে আমারে বলছিল, হুমকি আছে। জীবনে ঝুঁকি আছে। স্বপন ভাইয়ের গাড়ি আর চালাইব না। রাজনীতির লোকজন গাড়িতে উঠতেছে। মে মাসটা কইরা ছাইড়া দিব।’ থেমে থেমে বললেন, ২৭ এপ্রিল দুপুরেও ভাত খেতে আসার কথা ছিল। অনেকক্ষণ বসে থেকেও না আসায় তিনি ননাসকে বলেন স্বামীকে ফোন করতে। বেলা আড়াইটার দিকে জাহাঙ্গীর ফোন ধরে ‘হ্যালো’ বলার পর থেকে মুঠোফোন বন্ধ।
স্বামীহারা শামসুন্নাহার বলেন, ‘হারায় যাওয়ার পর আমরা এলাকার সব নেতার কাছে দৌড়াইছি। আমার এক মামা কইল, র৵াব ধইরা নিছে। আর কী করমু আমরা৷’ আলাপের সময় শাশুড়ি মেহেরুন বেগম ও অন্যরাও ছিলেন শামসুন্নাহারের ঘরে৷ তাঁদের একটু আড়াল করে শামসুন্নাহার বললেন, ‘অনেক ভালোবাসত। বাচ্চা পেটে আসনের পর অনেক যত্ন করছে। বলছে, ছেলে-মেয়ে যা-ই হোক, ডাক্তার বানামু। আইজ ডাক্তার আপা বলছে বাচ্চার অবস্থা ভালো না। আল্ট্রাসনোগ্রাম করাইতে হবে। টাকা পামু কই। ব্যাংক অ্যাকাউন্ট একটা করছিল। কিন্তু টাকা তো রাখতে পারে নাই৷’
২৭ বছরের ছেলেকে হারিয়ে সারা দিন বিলাপ করেন মেহেরুন বেগম। বললেন, ‘পুত (ছেলে) বিয়া কইরা পলায়া ছিল। বিছরায়া বাইর করছি। এইবারও ভাবছিলাম বিছরায়া বাইর কইরা ফালামু। পারলাম না।’ ফেরার সময় কাতর গলায় বললেন, ‘একটু হেল্প কইরেন আপনারা। একটু হেল্প কইরেন৷’