সন্তানের মৃত্যু, পা হারালেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় পিষ্ট হয়েছে ছোট্ট শরীরটি। নিথর দেহটি বুকে নিয়ে বিলাপ করছেন মামা। দুর্ঘটনায় বাঁ পা কাটা পড়েছে শিশুটির মায়ের। গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে।
ছবি: আনোয়ার হোসেন

সাত মাসের শিশু সিন্নাতুর নূর। মা-বাবার সঙ্গে বাসে যাচ্ছিল। হয়তো মায়ের কোলে ঘুমাচ্ছিল শিশুটি। তাদের বহনকারী বেপরোয়া বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। মা অমি আক্তার যে সন্তানের জন্য বিলাপ করবেন, সেই সুযোগও নেই। তাঁর বাঁ পা কাটা পড়েছে, কাতরাচ্ছেন হাসপাতালে। বাবা রুবেল মিয়াও আহত। হঠাৎ ঘটে যাওয়া এই বিপর্যয়ে শোকে বিহ্বল পুরো পরিবার, স্বজন ও এলাকাবাসী।

দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন। এর মধ্যে শিশুটির মা অমি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনাস্থলের কাছে আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আঘাত করে ওই বাস।

স্বজন ও পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত সিন্নাতুরকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আর শিশুটির মা অমিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর ডান পা কেটে ফেলা হয়। রুবেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুপুরের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রুবেল মিয়া ও স্বজনদের আর্তনাদ শোনা যায়। কারখানার শ্রমিক রুবেল মিয়া বিলাপ করতে করতে বলেন, ‘আমার কলিজার টুকরা আল্লাহর কাছে চলে গেছে। স্ত্রীও মৃত্যুশয্যায়। এখন আমার বেঁচে থাকার আর কী অর্থ রইল?’ এ সময় অন্য আহতদের স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

অমি আক্তারের মা জামেদা আক্তার কাঁদতে কাঁদতে বলেন, তিন দিন আগে নরসিংদীর ঘোড়াশাল থেকে স্বামী-সন্তানকে নিয়ে মেয়ে বেড়াতে আসে। একদিকে নাতনির মৃত্যু, অন্যদিকে মেয়ে পা হারিয়েছে। সবকিছু অন্ধকার লাগছে।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আহত সাত বাসযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে সিন্নাতুর নূর মারা যায়।

প্রতিদিনই সড়কে এভাবে প্রাণ ঝরছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন এলাকা থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, গতকাল বিভিন্ন স্থানে শিশুটিসহ সড়ক দুর্ঘটনায় ১৬জন মারা গেছেন।

সরকারি হিসাবে, গত এক বছরে সড়কে প্রাণহানি বেড়েছে প্রায় ৩০ শতাংশ। সড়কে মৃত্যুর ঘটনায় থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার হিসাব থেকে দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানির তথ্য সংরক্ষণ করে পুলিশ। তাদের তথ্য অনুসারে, গত বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৮ জনের। এর আগের বছরে অর্থাৎ ২০২০ সালে দুর্ঘটনায় মারা গেছেন ৩ হাজার ৯১৮ জন। পুলিশের হিসাবে, ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২ হাজার ৬৩৫ জন। আর ২০১৯ সালে দুর্ঘটনায় ৪ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়।

অবশ্য পুলিশের হিসাবের সঙ্গে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনগুলোর তথ্যে বেশ পার্থক্য রয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬ হাজার ২৮৪ জন। ২০২০ সালে মারা যান ৫ হাজার ৪৩১ জন।

গত বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারান, তাঁদের মধ্যে ৬৭ শতাংশই অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্ষম (১৫-৬৪ বছর বয়সী) ছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) হিসাবে, দেশে সড়ক দুর্ঘটনা এবং এর প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা।