সন্তানের মৃত্যুর খবর এখনো মা-বাবা জানেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত সোমবার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্যে চট্টগ্রামের রাউজান উপজেলার দুই সহোদর ও আনোয়ারার এক বাসিন্দা রয়েছেন। প্রিয়জনকে হারিয়ে এসব পরিবারের সদস্যরা শোকে বিহ্বল। অপেক্ষা করছেন প্রিয়জনের লাশের জন্য। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: আবুধাবিতে নিহত শাহজাহান মোল্লার (৫০) বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চানপুর ইউনিয়নের বাঘারকান্দি গ্রামে। চার ভাই ও তিন বোনের মধ্যে শাহজাহান সবার বড়। অভাবী সংসারের হাল ধরতে মধ্য বয়সে বিদেশে পাড়ি জমান তিনি।শাহজাহানের বাবা আ. সামাদ মোল্লা (৭৫) বলেন, ‘এত বয়সে ছেলেকে বিদেশে পাঠানোর কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু পরিবারের কথা ভেবে ও-ই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়।’ তিনি জানান, শাহজাহান বিবাহিত। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।আবুধাবি থাকেন একই গ্রামের মহিদুল ইসলাম (৪০)। ১৪ জানুয়ারি তিনি দেশে ফিরেছেন। মহিদুল জানান, দেশে আসার আগে ১০ জানুয়ারি শাহজাহানের সঙ্গে তাঁর কথা হয়। এ সময় শাহজাহান তাঁকে বলেন, ‘আমি দেশে আসতে চাই। কিন্তু মিসরীয় মালিক কোনোই সুযোগ দিচ্ছে না। এমনকি চাকরি ছেড়ে আসার কথা বললেও রাজি হয় না। সে (মালিক) বলে, আমি ফেরাউনের বংশধর। তোকে বাড়ি পাঠানোর জন্য এখানে আনিনি। মৃত্যুর আগ পর্যন্ত তোর ছুটি নেই।’শাহজাহানের স্ত্রী খোদেজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এইবার কি আমার স্বামী ফিইরা আসতে পারবে? ওই মালিকের কি এইবার দয়া হবে? আমার স্বামীর লাশ আমারে ফিরায় দাও।’একই দুর্ঘটনায় ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নের চেরাগ আলী মুন্সীর কান্দি গ্রামের রোকন মুন্সীও (২৬) নিহত হন। তাঁর বাবার নাম জহিরউদ্দিন মুন্সী। রোকনের চাচা আলাউদ্দীন মুন্সী বলেন, ‘আমি মঙ্গলবার বিকেলে স্থানীয় চেয়ারম্যান মজিবুর রহমান মাতুব্বরের মাধ্যমে রোকনের খবর জানতে পারি। এখনো খবরটি নিজের মধ্যে রেখেছি। ওর মা-বাবাকে জানাইনি। কীভাবে এই সংবাদ দেব, সেটাই ভাবছি।’রাজবাড়ী: জেলার সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের পাঠানপাড়ার কাসেম আলী কবিরাজের ছেলে জয়নাল কবিরাজ (৩৩) প্রায় আট বছর আগে আবুধাবি যান। দেড় বছর আগে তিন মেয়ে রেখে তাঁর স্ত্রীও সেখানে যান। জয়নালের ভাই নুরুল ইসলাম জানান, জয়নালের মৃত্যুর খবর আঁচ করতে পেরে তাঁর মা বারবার মূর্ছা যাচ্ছেন।মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন গ্রামের ওহাব আলীর ছেলে ওয়াসির আলীর (৪৫) কিছুদিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল। কিন্তু তা আর হলো না। ওয়াসিরের বাড়িতে এখন শুধুই আহাজারি। তাঁর স্ত্রী শাহারা বেগম (৩২) ঘটনা শোনার পর থেকে নির্বাক। আট ভাইবোনের মধ্যে ওয়াসির আলী ছিলেন ষষ্ঠ। দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর। রাউজান ও আনোয়ারা (চট্টগ্রাম): মনের মতো একটি বাড়ি বানানোর স্বপ্ন ছিল খোরশেদ আলম (২৪) ও মাসুদ আলমের (২২)। এ জন্য জমিও কিনেছিলেন। সিদ্ধান্ত হয়েছিল, আগামী বছর দেশে ফিরে বাড়ির নির্মাণকাজ শুরু করবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আবুধাবির সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে সহোদর খোরশেদ ও মাসুদের জীবন। রাউজানের হলদিয়া ইউনিয়নের উত্তর সর্ত্তা গ্রামে তাঁদের বাড়ি। মাসুদদের বাবা মোহাম্মদ ইদ্রিস মিয়াও আবুধাবিতে থাকেন। গতকাল ইদ্রিস মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, মাসুদদের মা হাসিনা বেগম সন্তানদের হারিয়ে বিলাপ করছেন। কান্নাকাটি করছেন তাঁদের স্বজনেরা।আনোয়ারার বোরহান উদ্দিনের (২৪) মৃত্যু সংবাদ এখনো জানানো হয়নি তাঁর মা-বাবা ও দাদিকে। মঙ্গলবার বিকেলে বোরহানের বাড়িতে গেলে তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম সাংবাদিকদের ঘরের ভেতর না ঢুকতে অনুরোধ জানান। তিনি বলেন, ‘ভাই দয়া করে ভেতরে যাবেন না। বোরহানের দুর্ঘটনার খবর জানানো হলেও মৃত্যুর খবর মা-বাবা ও দাদিকে জানানো হয়নি। এ খবর জানলে তাঁদের বাঁচাতে পারব না।’