বিশেষজ্ঞরা বলেছেন, মা-বাবার উচিত সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের পর্যাপ্ত সময় দেওয়া। অনেক অভিভাবক তা করেন না। তাদের সন্তানেরা হতাশায় ভোগে। সন্তানেরা হতাশা থেকে মাদকাসক্ত হওয়ার পাশাপাশি নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে।
গতকাল শনিবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৬১ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রম মাদকবিরোধী পরামর্শ সহায়তা। গতকালের আসর থেকে শুরু হয়েছে সমস্যার ধরন অনুযায়ী মনোরোগ চিকিৎসকের পরামর্শ দেওয়া। গতকাল অনেকেই পরামর্শ নিয়েছেন। বিনা মূল্যে এই সেবা গ্রহণ করতে অনুষ্ঠানের আগে ০১৭১৬২৪২২১৫ নম্বরে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে হবে।
সন্তান কোথায় যাচ্ছে? কী করছে? কখন ফিরছে? প্রতিটি বিষয়ে বাবা-মাকে খোঁজখবর নিতে হবে। সন্তানেরা যাদের সঙ্গে মিশছে তাদের সম্পর্কেও খোঁজ নিতে হবে। সম্পর্ক এমন হবে, যাতে সন্তানেরা বাবা-মাকে সবকিছু খুলে বলে।
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শোনার পর পরামর্শ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, ফারজানা রহমান, মেখলা সরকার, অভ্রদাশ ভৌমিক ও আপনগাঁওয়ের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল ।
বক্তারা আরও বলেন, মাদকাসক্তদের টাকা পাওয়ার পথ বন্ধের আহ্বান জানান। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী আয়োজন ২৯ আগস্ট বিকেল সাড়ে চারটায় একই স্থানে অনুষ্ঠিত হবে।