সন্তানের সঙ্গে মায়েদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একটা কথা মা-বোনদের বলে রাখি, বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো স্থান নাই। জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে সন্তানদের রক্ষা করতে হবে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর ছেলেমেয়েরা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে।’
গতকাল শনিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘সন্তানের জন্য সব থেকে বড় বন্ধু হবেন মা। মায়ের কাছে সন্তান যেন নির্দ্বিধায় তার যেকোনো সমস্যার কথা বলতে পারে, সেই ধরনের একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’
সম্মেলনের শুরুতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জাতীয় পতাকা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলীয় প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুননেছা মোশাররফ।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমাদের প্রত্যেকটি নেতা-কর্মী, ভাইবোনদের আমি বলব, আপনারা বিভিন্ন অঞ্চল থেকে যাঁরা এসেছেন, তাঁরা নিজ নিজ পরিবারে লক্ষ রাখবেন। ছেলেমেয়েরা কোথায় যায় এবং কার সঙ্গে মেশে, কী করে, পড়াশোনা ঠিকমতো করছে কি না, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যাচ্ছে কি না, নিশ্চয়ই সেটার খবর রাখতে হবে।’
প্রধানমন্ত্রী তাঁর সরকারের আমলে দেশে নারীর ক্ষমতায়নের খণ্ডচিত্র তুলে ধরে বলেন, প্রথম সচিব, মহিলা পুলিশ সুপার, জেলা প্রশাসক, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীতে প্রথম নারী সদস্য তাঁর সরকারই নিয়োগ প্রদান করে। শুধু তা-ই নয়, মহিলা বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবেও নারীদের নিয়োগ করা হয়। এদিকে প্রধানমন্ত্রীর এই বক্তৃতা টেলিভিশনেও প্রচারিত হয়। তাতে দেখা যায়, ক্ষুদ্রঋণের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণে দারিদ্র্য লালন-পালন হয়। আর যারা ক্ষুদ্রঋণের ব্যবসা করে, তারা সম্পদশালী হয়, তারা ধনশালী হয়। কারণ, সপ্তাহে সপ্তাহে উচ্চ হারে সুদ; ওই গরিবের মেয়েরা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা কামাই করে, সে টাকা সুদ হিসেবে চলে যায়। সে কোনোমতে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে, কিন্তু দারিদ্র্যের হাত থেকে উঠে আসতে পারে না। যারা এই ব্যবসা করে, তারা চায়ও না এরা দারিদ্র্য থেকে উঠে আসুক। কারণ, দারিদ্র্য থেকে উঠে এলে তাদের ব্যবসাই চলে যাবে।
লন্ডনে কার্গো ফ্লাইট চালুর আহ্বান
বাসস জানায়, ঢাকা থেকে লন্ডন সরাসরি কার্গো ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলোক শর্মা গতকাল গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি নিরাপত্তা ঘাটতিকে বিশ্বজুড়ে ঘটমান একটি বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, সম্প্রতি হিথরো বিমানবন্দরেও এ ধরনের নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে।
যুক্তরাজ্যের মন্ত্রী বলেন, ঢাকা থেকে লন্ডনে পুনরায় কার্গো ফ্লাইট চালুর বিষয় দুই দেশের বিশেষজ্ঞরা একত্রে বসে সুরাহা করবেন।
প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া যাচ্ছেন
ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম বার্ষিকীর শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাল সোমবার তিন দিনের সরকারি সফরে ইন্দোনেশিয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থা আইওআরএ গঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।