মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে সন্তানের সামনে হাসমত মিয়াকে (৪৫) নিজ বাড়ির উঠানে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী আয়েশা খাতুন (৩০) গুরুতর আহত হয়েছেন। তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, বাড়িসংলগ্ন একটি পুকুরসহ কিছু জমি নিয়ে প্রতিবেশী এরশাদ মিয়ার সঙ্গে হাসমতের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৫ নভেম্বর হাসমত বিরোধপূর্ণ পুকুরটিতে একটি পাকা ঘাট নির্মাণ করেন। এতে এরশাদের সঙ্গে হাসমতের বিরোধ চরমে পৌঁছায়।গ্রামবাসী জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে হাসমত মিয়া মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় এরশাদ মিয়ার লোকজন বাড়ির উঠানে তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। হাসমতের মাথা, দুই হাঁটু ও ঘাড়ে দায়ের কোপ পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার সময় পাঁচ সন্তান ও শাশুড়ি খোদেজা বিবিসহ হাসমতের স্ত্রী আয়েশা খাতুন বাড়িতে ছিলেন। স্বামীকে বাঁচাতে আয়েশা এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকেও দা দিয়ে কোপায়। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী এরশাদ মিয়া ও তাঁর স্বজনদের আটটি বাড়ির দরজা-জানালা ভাঙচুর করে। হাসমতের বড় মেয়ে সুমেনা আক্তার (১২) জানায়, এরশাদ মিয়া, লাল মিয়া, কাদির মিয়া, সফর আলী, শের আলীসহ ১০-১২ জন লোক তার সামনেই বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা এবং মাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।