খাগড়াছড়ির রামগড়ে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরীর পরিবারের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা কিশোরীর অনাগত সন্তানের স্বীকৃতি ও বিচার চাওয়ায় ধর্ষণ মামলার আসামিপক্ষ তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। পুলিশও আসামিপক্ষকে সহযোগিতা করছে।
গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে ধর্ষণের শিকার ওই কিশোরী ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার ধর্ষণ করেন আরমান। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আরমান বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় বিচার পেতে গত ১ আগস্ট রামগড় থানায় মামলা করেন কিশোরীর বাবা। ১৭ আগস্ট আসামিকে গ্রেপ্তার করা হলেও থানায় নেওয়ার কিছুক্ষণ পরই আসামিকে ছেড়ে দেওয়া হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।