সন্তানের স্বীকৃতির জন্য লড়ছেন প্রতিবন্ধী নারী
তিনি নিজের পায়ে ভর করে দাঁড়াতে পারেন না। হামাগুড়ি দিয়ে চলাফেরা করেন। তাঁর কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান। আট মাসের শিশুটিকে স্বীকৃতি দিচ্ছেন না তার বাবা। তাই সন্তানের স্বীকৃতির জন্য চলছে ওই নারীর (২২) লড়াই।
তাঁর বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়। বাবা নেই। ভাইদের সংসারে অনেক কষ্টে বড় হয়েছেন। তাঁর বড় ভাই বলেন, তাঁদের গ্রামের একটি চালকলে কাজ করতেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের হাছান মিয়া (২৫)। তাঁদের গ্রামে হাছান মিয়ার বোনের বাড়ি। হাছানের ভগ্নিপতি আবুল কাশেম ও তাঁদের ঘর পাশাপাশি। একপর্যায়ে তাঁর বোনের সঙ্গে পরিচয় হয় হাছানের।
২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর থানায় ওই নারী একটি মামলা করেন। এজাহারে তিনি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন হাছান। গত বছরের ১৫ ফেব্রুয়ারি ঘরে একা পেয়ে তাঁকে ধর্ষণ করেন হাছান। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। প্রথমে তিনি পরিবারের কাউকে বিষয়টি জানাননি। পরে বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে হাছানের বোন শাহানা বেগম ও ভগ্নিপতি আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তাঁরা উল্টো ওই নারীকে দোষারোপ করেন এবং হাছানকে হবিগঞ্জে পাঠিয়ে দেন।
এ মামলার আসামি চারজন। হাছান মিয়া, শাহানা বেগম, আবুল কাশেম ও মকসুদ আলী। মামলাটি সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। ইতিমধ্যে সন্তানের বাবার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষাও করা হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্রও দিয়েছে।
ওই নারী বলেন, ‘আমি চলাফেরা করতে পারি না। হাছান আমারে বিয়ার কথা কইয়া জোর কইরা এই কাজ করছে। আমি এর বিচার চাই। আমার সন্তানের স্বীকৃতি চাই।’
তাঁর ভাই বলেন, এ নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো মীমাংসা হয়নি। গত বছরের ১৮ নভেম্বর সন্তানের জন্ম দেন ওই নারী। তিনি গরিব মানুষ। মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। হাছান এলাকায় আসেন না। আবুল কাশেম এলাকার আরও কয়েকজনকে নিয়ে তাঁকে হুমকি দিয়েছেন।
এদিকে, আদালতে হাছান নিজ খরচে ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করেন। ইয়াছমিনের আইনজীবী মো. তৈয়বুর রহমান বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—হাছান মিয়াই ওই সন্তানের বাবা। মামলাটি এখন শুনানির পর্যায়ে আছে। হাছান এখন জামিনে আছেন। টেলিফোনে যোগাযোগ করলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে হাছান মিয়া বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে কী ফলাফল এসেছে তা তিনি জানেন না। হাছানের ভগ্নিপতি আবুল কাশেম বলেছেন, এ বিষয়ে আদালতে ফয়সালা হবে।