গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার উল্লেখ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, প্রত্যেককে নিজের সন্তানের যত্ন নিতে হবে। খোঁজ রাখতে হবে, তারা কী করে।
রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে গতকাল সোমবার এক নাগরিক শোকসভায় মেয়র এ কথা বলেন। সম্প্রতি গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় নিহত দেশি-বিদেশি নাগরিকদের স্মরণে গুলশান সোসাইটি এই শোকসভার আয়োজন করে।
গুলশানের হামলার কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘এ দুঃখ ভোলার নয়। আমাদের বাচ্চাগুলো চলে গেছে। আমাদের অতিথিরা চলে গেছে। আমাদের অবশ্যই সন্তানদের যত্ন নিতে হবে। খোঁজ নিতে হবে, তারা কী করে।’ তিনি বলেন, ‘এ ঘটনা যদি আর দু-একটা ঘটে, তবে এই দেশ সব দিক থেকেই নষ্ট হয়ে যাবে।’
স্মরণসভায় সভাপতির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, ‘আমরা একা কিছু করতে পারব না। আমরা আজ সন্তানদের খোঁজ নিতে পারি না। পারিবারিক বন্ধন দৃঢ় করতে হবে। সন্তানদের সময় দিতে হবে। তাহলেই আমাদের সন্তানেরা বিপথে যাবে না।’
গুলশান সোসাইটি মহাসচিব ওমর সাদাত বলেন, ‘ফারাজ প্রমাণ করেছে যে দেশি-বিদেশি বন্ধুদের জন্য এ দেশের মানুষ জীবন দিতেও পিছপা হয় না।’
সালমা আলী বলেন, ‘আমরা আমাদের শিশুদের দিকে নজর দেব, তারা কী করছে, কোথায় যাচ্ছে। আর যাতে এ ধরনের কোনো ঘটনা না হয়, আমরা অঙ্গীকার করছি।’
নাগরিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ স্মরণসভায় উপস্থিত ছিলেন। বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে ফুল ও বার্তা পাঠিয়ে শোক প্রকাশ করা হয়।