পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা) গ্রুপের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুপ্রাণো চাকমা ওরফে দেবেশ (৪২) হত্যাকাণ্ডের জন্য জেএসএস সন্তু গ্রুপকে দায়ী করেছে এমএন লারমা গ্রুপ। তবে জেএসএস সন্তু গ্রুপ এ অভিযোগ অস্বীকার করেছে।জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমা গতকাল শুক্রবার এক লিখিত বিবৃতিতে বলেন, ‘সন্তু লারমার নির্দেশে তাঁর পালিত সশস্ত্র সন্ত্রাসীরা জেএসএসের সাধারণ সম্পাদক সুপ্রাণো চাকমাকে গুলি করে হত্যা করেছে।’তবে অভিযোগ অস্বীকার করে জেএসএস সন্তু গ্রুপের কেন্দ্রীয় কমিটির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে তাঁরা কোনোভাবেই জড়িত নন।এদিকে স্বামীর মৃত্যুর পর শোকে অসুস্থ হয়ে পড়েছেন সুপ্রাণো চাকমার স্ত্রী জ্যোৎস্না চাকমা। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আর বাবার আকসিঞ্চক মৃত্যুতে তাঁর তিন সন্তান জেন্টেল চাকমা (১৮), মেঘলি চাকমা (১৩) ও ননাক চাকমাও (৫) যেন বাকরুদ্ধ। পুলিশ জানায়, সুপ্রাণো চাকমার স্ত্রী অসুস্থ থাকায় হত্যাকাণ্ডের ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। গতকাল ময়নাতদন্ত শেষে সুপ্রাণো চাকমার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীঘিনালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, সুপ্রাণো চাকমার মৃত্যুতে পুরো বড়াদম এলাকায় বৈসাবির আনন্দ থেমে গেছে। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সহসভাপতি সমীর চাকমা বলেন, বৈসাবি উৎসব শেষ হওয়ার পর সুপ্রাণো হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি দেওয়া হবে।উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে সুপ্রাণো চাকমাকে বড়াদম গ্রামে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।