সন্তু লারমা ও দেবাশীষ রায়ের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা রাজা দেবাশীষ রায়ের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জনসংহতি সমিতি। গতকাল শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এদিকে আদিবাসী নেতাদের ওপর হামলার প্রতিবাদে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলন ও জাতীয় আদিবাসী পরিষদ সমাবেশ করে।সকাল সাড়ে ১০টায় জনসংহতি সমিতির একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে সমিতির কেন্দ্রীয় সহসভাপতি লক্ষ্মী প্রসাদ চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক বোধিস্বত্ব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি উদয়ন ত্রিপুরা, মহিলা সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে একটি মহল নানা অপতত্পরতা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে চুক্তিবিরোধী ইউপিডিএফের সন্ত্রাসীদের দিয়ে সন্তু লারমা, দেবাশীষ রায় ও নিখিল কুমার চাকমার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলা চালানোর জন্য একটি বিশেষ মহল থেকে ইউপিডিএফকে ১০ হাজার টাকা ও অস্ত্র সরবরাহ করা হয়েছে। তারা ইউপিডিএফকে নিষিদ্ধের দাবি জানায়।কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সভাপতি হায়দার আকবর খান রনো বলেন, এই আক্রমণকে কোনো ব্যক্তির ওপর আক্রমণ হিসেবে না দেখে গণতান্ত্রিক শক্তির ওপর হামলা হিসেবে বিবেচনায় নিতে হবে। গণফোরামের পঙ্কজ ভট্টাচার্য বলেন, চুক্তির বিরোধিতাকারীদের নিষিদ্ধ করে সরকারকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ বলেন, পাহাড় আর সমতলের আদিবাসীরা নিজেদের অধিকার আদায়ে এগিয়ে এলেই তাঁদের আক্রমণের শিকার হতে হয়। সরকারকে বিষয়টি খতিয়ে দেখতে হবে। আদিবাসী নেতা সঞ্জীব দ্রং সরকারের কাছে নিরাপত্তাবিধানের দাবি জানিয়ে বলেন, ‘আমাদের আক্রান্ত করে যাঁরা খুশি হন, সরকার তাঁদের প্রতি সদয় থেকে নিজেদের বাঁচাতে পারবে বলে মনে হয় না।’ মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, যারা সন্তু লারমাকে আক্রান্ত করতে পিছপা হয় না, তারা রাষ্ট্রের জন্য ক্ষতি বয়ে আনবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রাখী দাস পুরকায়স্থ, জনসংহতি সমিতির মঙ্গলকুমার চাকমা, মাধবীলতা চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌমিত্র শেখর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, নারী প্রগতির রোকেয়া কবীর প্রমুখ। সংহতি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম, মধুপুরের আদিবাসী জনগোষ্ঠী, হিল উইমেন্স ফেডারেশন এবং জনসংহতি সমিতি-সমর্থিত ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ।উল্লেখ্য, গত বুধবার রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সন্তু লারমা ও দেবাশীষ রায়ের গাড়িবহরে হামলা হয়। এর আগে ২২ জানুয়ারি নেত্রকোনায় হামলার শিকার হন আদিবাসী নেতা সঞ্জীব দ্রং। গতকাল পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার সঞ্জীব দ্রংকে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় দেখতে যান।