পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দশম কেন্দ্রীয় কমিটির নির্বাচনে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে উষাতন তালুকদার, সাধারণ সম্পাদক পদে প্রণতি বিকাশ চাকমা এবং সাংগঠনিক সম্পাদক পদে শক্তিপদ ত্রিপুরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।গতকাল বুধবার সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদার করার লক্ষ্যে জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার আহ্বানের মধ্য দিয়ে গত সোমবার তিন দিনব্যাপী সমিতির সম্মেলন শুরু হয়। পরে রাঙামাটি পৌর মিলনায়তনে অনুষ্ঠিত রুদ্ধদ্বার সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শাখাগুলো এবং পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও গিরিসুর শিল্পীগোষ্ঠীর পাঁচ শতাধিক প্রতিনিধি এবং পর্যবেক্ষক যোগদান করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সম্মেলনে জনসংহতি সমিতির দশম কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়। এতে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাকে সভাপতি করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এ কমিটির মেয়াদ হবে তিন বছর।