সন্তু লারমা সভাপতি, প্রণতি বিকাশ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাকে সভাপতি ও প্রণতি বিকাশ চাকমাকে সাধারণ সম্পাদক করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দশম জাতীয় প্রতিনিধি সম্মেলন শেষ হয়েছে। সন্তু লারমা ১৯৮৩ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন। সম্মেলনে ৩১ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রোববার জনসংহতি সমিতির (সন্তু লারমার নেতৃত্বাধীন) তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউটে তিন দিনব্যাপী আয়োজিত জাতীয় সম্মেলন গতকাল শেষ হয়েছে। সম্মেলনে প্রতিনিধিরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়নে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করার দাবি জানান। এটি করা না হলে আগামী ১ মে থেকে অসহযোগ আন্দোলন শুরু করার ঘোষণা দেন।
প্রতিনিধিরা বলেন, সরকার পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে টালবাহানা করছে। সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ও জাতীয় পরিস্থিতি এবং সংগঠনের করণীয় বিষয়ে ২৪টি প্রস্তাবনা গ্রহণ করা হয়।