সন্তু লারমাকে সন্ত্রাসী আখ্যায়িত করে খালেদার বক্তব্য ‘উসকানিমূলক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাকে সন্ত্রাসী আখ্যায়িত করে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।এ ছাড়া বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ খালেদা জিয়ার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।গতকাল বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ জাতীয় সংসদে খালেদা জিয়া অপ্রাসঙ্গিকভাবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার বিরুদ্ধে সংসদীয় শিষ্টাচারবহির্ভূত ভাষায় বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘সন্তু লারমা একজন সন্ত্রাসী। ভারতে প্রশিক্ষণ নিয়ে তিনি বাংলাদেশে সেনাবাহিনী ও নিরীহ ব্যক্তিদের হত্যা করেছেন। সন্ত্রাসী সন্তু লারমা হাজার হাজার মানুষ হত্যা করেছেন। পার্বত্য চুক্তি অসম চুক্তি, শান্তির চুক্তি নয়। হত্যাকারীদের শান্তি পুরস্কার দিলে দেশের সম্মান থাকবে না।’খালেদা জিয়ার বক্তব্যের এই অংশকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ‘সাম্প্রদায়িক উসকানিমূলক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছে জনসংহতি সমিতি। সংগঠনটি খালেদা জিয়ার বক্তব্যের এই অংশ এক্সপাঞ্জ করার জন্য স্পিকারের কাছে জোর দাবি জানিয়ে বলেছে, একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কাছ থেকে জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং এই চুক্তির অন্যতম স্বাক্ষরকারী সন্তু লারমা সম্পর্কে এ রকম বক্তব্য আশা করা যায় না। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি কার্যত পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন সম্পর্কে দেশবাসীকে বিভ্রান্ত করা এবং সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অপপ্রয়াস চালিয়েছেন বলে জনসংহতি সমিতি মনে করে।সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার উদ্দেশে বলা হয়, ‘সন্তু লারমা যদি সন্ত্রাসী হন, তাহলে এই চুক্তি স্বাক্ষরের আগে নব্বইয়ের দশকে পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে সংলাপের মাধ্যমে সমাধান এবং এতদাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে তাঁর নেতৃত্বাধীন তৎকালীন সরকার কেন ১৩ বার বৈঠক করেছিল?’যৌথ বিবৃতি: এদিকে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত গতকাল এক যৌথ বিবৃতিতে পাহাড়ি আদিবাসী নেতা সন্তু লারমাকে খুনি ও সন্ত্রাসী আখ্যায়িত করে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বিবৃতিতে তাঁরা বলেন, ‘বিরোধীদলীয় নেতা পার্বত্য ভূমিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী নায়কের বিরুদ্ধে যে বিষোদগার করেছেন, তাতে আমরা বিস্মিত, ক্ষুব্ধ ও বিচলিত বোধ করছি।’