সন্তু লারমার ওপর হামলার ঘটনায় দুটি আন্তর্জাতিক সংগঠনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ও চাকমা রাজা দেবাশীষ রায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশন—সিএইচটি কমিশন ও এশীয় আদিবাসীবিষয়ক সংস্থা এআইপিপি। হামলার ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়ে ই-মেইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপিও পাঠিয়েছে এআইপিপি। গত বৃহস্পতিবার সিএইচটি কমিশনের পক্ষে তিন কো-চেয়ার ব্রিটিশ লর্ডসভার সদস্য এরিক অ্যাভিবুরি, আইডা নিকোলসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল এবং এআইপিপির মহাসচিব জোয়ান কালিং স্বাক্ষরিত পৃথক দুটি ই-মেইল বার্তায় হামলায় জড়িতদের শাস্তির দাবি ও তাঁদের উদ্বেগের কথা জানানো হয়। গত বুধবার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভায় যোগ দিতে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সন্তু লারমা ও দেবাশীষ রায়ের গাড়িবহরে তিন দফা হামলার ঘটনা ঘটে। এর আগে ২২ জানুয়ারি আদিবাসী নেতা ও লেখক সঞ্জীব দ্রংয়ের ওপর হামলার বিষয়েও এআইপিপি নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।