খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস-পক্ষের (এমএন লারমা) যুব সমিতির সদস্য শান্তিমুনি চাকমাকে (২৯) গুলি করে হত্যার ১০ দিন পর থানায় মামলা করা হয়েছে। শান্তিমুনি চাকমার স্ত্রী রবি সোনা চাকমা বাদী হয়ে ২৬ এপ্রিল সন্ধ্যায় এ হত্যা মামলা করেন। মামলায় হত্যাকাণ্ডের জন্য জেএসএস-সন্তুপক্ষের সাধন চাকমা (৩৫), বিমল শান্তি চাকমা (২৮), মনিময় চাকমা (২৫) ও অবনী মোহন চাকমাকে (৪০) আসামি করা হয়। রবি সোনা চাকমা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম, ঠিকানাসহ বিস্তারিত পরিচয় জেনে মামলাটি করতে বিলম্ব হয়েছে। আঞ্চলিক রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে তাঁর স্বামীকে গুলি চালিয়ে হত্যা করা হয় বলে তিনি দাবি করেন। দীঘিনালা উপজেলা যুব সমিতির সভাপতি সমীর চাকমা জানান, ‘মামলায় যে চারজনকে আসামি করা হয়েছে, তারা সবাই জেএসএস-পক্ষের (সন্তু)। শান্তিমুনি চাকমাকে সন্তুপক্ষের লোকজনই হত্যা করেছে। এর আগেও সন্তুপক্ষ আমাদের কয়েকজন নেতাকে হত্যা করেছে।’ জেএসএস-পক্ষের (সন্তু) কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা ঘটনার পর প্রথম আলোকে জানান, হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জেএসএস-পক্ষের (সন্তু) কোনো সম্পৃক্ততা নেই। জেএসএস-পক্ষের (এমএন লারমা) অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হত্যাকাণ্ডের ১০ দিন পর মামলা হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, মামলাটি দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। ১৭ এপ্রিল রাত সাড়ে তিনটায় উপজেলার পূর্ণচন্দ্র কার্বারীপাড়া গ্রামে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি-পক্ষের (এমএন লারমা) সদস্য শান্তিমুনি চাকমাকে গুলি চালিয়ে হত্যা করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। সে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের জালবান্দা গ্রামের ইনন্দ চাকমার ছেলে।