সন্তুপক্ষের লোকজনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ২ জুলাই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)-সমর্থিত যুব সমিতির সদস্য মিথুন চাকমা প্রকাশ রবিকে (৪০) গুলি করে হত্যার ঘটনায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন তাঁর স্ত্রী বাসনা চাকমা। দীঘিনালা থানায় বাসনা চাকমা বাদী হয়ে গত রোববার সন্ধ্যায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সন্তু পক্ষের চারজন ও তিনজন বাঙালিকে আসামি করা হয়। মামলায় জেএসএস (সন্তু) পক্ষের সবিনয় চাকমা (২৭), সাধন চাকমা (২৫), অনন্ত চাকমা (৩০) ও রেবন্ত চাকমাকে (৩০) আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ তুলে তারা মিয়া (৩৯), সাদেক মিয়া (৩৫) ও মো. মনা নামের তিনজন বাঙালিকে আসামি করা হয়েছে। বাসনা চাকমা থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, ‘মামলার ১ থেকে ৪ নম্বর ব্যক্তি জেএএস (সন্তু) পক্ষের লোক। তারা আমার স্বামী মিথুন চাকমাকে পূর্বশত্রুতার জের ধরে ২ জুলাই সকালে গুলি করে হত্যা করে।’ ৫ থেকে ৭ নম্বর ব্যক্তি হত্যাকাণ্ডে সহযোগিতা করে বলে উল্লেখ করা হয়েছে। হত্যাকাণ্ডের পর জেএসএস (এম এন লারমা) পক্ষের যুব সমিতির দীঘিনালা উপজেলা শাখার সভাপতি সমীর চাকমা ঘটনার জন্য জেএসএস (সন্তু) পক্ষকে দায়ী করেছিলেন। জেএসএস (সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা ঘটনা অস্বীকার করে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। উল্লেখ্য, ২ জুলাই সকাল নয়টায় মিথুন চাকমা (৪০) মোটরসাইকেল নিয়ে রাবার কারখানা এলাকা থেকে চংড়াছড়ি এলাকার দিকে যাওয়ার পথে ষোলনম্বর নামক স্থানে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।