সন্তুষ্ট, খুশি ভুক্তভোগী, সাক্ষী ও মুক্তিযোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ফরিদপুরের ভুক্তভোগী, রাষ্ট্রপক্ষের সাক্ষী ও মুক্তিযোদ্ধারা। তাঁরা বলেছেন, মুজাহিদের ফাঁসির আদেশ বহাল থাকায় তাঁরা খুশি, আনন্দিত।
গতকাল বুধবার সর্বোচ্চ আদালতের আদেশের পর ভুক্তভোগী, সাক্ষী ও মুক্তিযোদ্ধারা এমন প্রতিক্রিয়া জানান। এদিকে আদেশের পর শহরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন।
মুজাহিদের ফাঁসির আদেশ বহাল থাকায় খুশি হয়েছেন এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ও ভুক্তভোগী রণজিৎ নাথ ওরফে বাবু। দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ‘এই রায়ে আমি খুশি। এখন শান্তিতে নিশ্বাস নিতে পারছি। রায় দ্রুত বাস্তবায়ন চাই। এই দণ্ড কার্যকর হলে ফরিদপুর কলঙ্কমুক্ত হবে।’ নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘আমি নিজের ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি।’
রাষ্ট্রপক্ষের অপর সাক্ষী আবু ইউসুফ ওরফে পাখি বলেন, ‘আমি খুব খুশি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট, রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। আমরা সুবিচার পাইছি। সেটা যাতে দেইখা যাইতে পারি সে জন্য দ্রুত এই রায় বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা সব সাক্ষীই শঙ্কায় আছি।’
ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের বাকচর গ্রামে ১৯৭১ সালের ১৩ মে হামলা চালিয়ে হত্যা করা হয় হিন্দু সম্প্রদায়ের নয়জন সদস্যকে এবং ধর্ষণের শিকার হন এক নারী। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী চিত্তরঞ্জন সাহা গতকাল স্মৃতিচারণা করে বলেন, হত্যা করে যে পার পাওয়া যায় না, এ সত্য আবার প্রমাণিত হলো।
ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর মোহাম্মদ প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা এ দিনটিরই অপেক্ষায় ছিলাম। আমাদের সৌভাগ্য এই বিচার আমরা দেখে যেতে পারলাম। এখন সরকারের কাছে দাবি জানাই, অতি দ্রুত রায় কার্যকর করা হোক।’
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ বলেন, ‘মুজাহিদের ফাঁসির রায় শোনার পর আমার মতো দেশের স্বাধীনতাকামী সব মানুষ আজ আনন্দিত।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘মুজাহিদের সর্বোচ্চ শাস্তি ঘোষণা হওয়ায় ফরিদপুরবাসীর সঙ্গে আমিও একাত্ম হয়ে বলতে পারব, আমরা যুদ্ধাপরাধীদের অপবাদ থেকে কলঙ্কমুক্ত হতে পেরেছি।’
মুজাহিদের পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার খবরে ফরিদপুরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। একটি মিছিল বের হয় শহরের থানা রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে। ছাত্রলীগের একটি মিছিল বের হয় রাজেন্দ্র কলেজ থেকে। বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুর সোয়া ১২টার দিকে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার, স্বেচ্ছাসেবক লীগের শওকত আলী জাহিদ ও আবু নাঈম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এই রায়ে ফরিদপুরবাসী খুশি। তাঁরা দ্রুত এই রায়ের বাস্তবায়ন চান। পরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মিষ্টি বিতরণ করা হয়।
জেলা জামায়াতের প্রতিক্রিয়া: এক বিবৃতিতে ফরিদপুর জেলা জামায়াতের নেতারা বলেছেন, সরকারি ষড়যন্ত্রের শিকার মুজাহিদ। এ রায়ে মুজাহিদকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন জেলা জামায়াতের আমির আবদুত তাওয়াব, সেক্রেটারি বদরউদ্দিন, পৌর শাখার আমির ইমতিয়াজউদ্দিন আহমেদ, সদর শাখার আমির মো. জসিমউদ্দীনসহ ছয়জন নেতা।