সন্তুষ্ট নিহতদের স্বজনেরা, রায় দ্রুত কার্যকরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত খুনের মামলায় হাইকোর্টের রায় শেষে গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা হোসেন ও শ্বশুর শহীদুল ইসলাম আদালত থেকে বেরিয়ে আসেন l ছবি: প্রথম আলো
সাত খুনের মামলায় হাইকোর্টের রায় শেষে গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা হোসেন ও শ্বশুর শহীদুল ইসলাম আদালত থেকে বেরিয়ে আসেন l ছবি: প্রথম আলো

সাত খুনের মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা। তাঁরা বলছেন, ক্ষতটা আজীবনের জন্য হলেও এই রায়ে নিহত ব্যক্তিদের আত্মা শান্তি পাবে। রায় দ্রুত কার্যকর করার দাবি তাঁদের।

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় তছনছ হয়ে যায় সাতটি পরিবার। সাতজনই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র বা প্রধান উপার্জনক্ষম ব্যক্তি।

নিহত ব্যক্তিদের একজন নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী চন্দন কুমার সরকার। আততায়ীর লক্ষ্য না হলেও নিতান্ত ঘটনাচক্রেই তাঁকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। রায়ের অপেক্ষায় গতকাল মঙ্গলবার সারা দিন উদ্‌গ্রীব হয়ে ছিল চন্দন সরকারের পুরো পরিবার। তাঁর বড় মেয়ে সুস্মিতা সরকার প্রথম আলোকে বলেন, ‘সারা দিন সবাই বসে ছিলাম। আমরা খুব খুশি। যারা আসল অপরাধী, তারা মুক্তি পেলে বিষয়টি অনেক কষ্টের হতো। তাদের কেউ বাদ পড়েনি। বাপির আত্মা হয়তো শান্তি পাবে আজকে।’

অপহরণের সময় পেছনে গাড়ি থেকে চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহীম ঘটনাটি দেখে ফেলেন। এ কারণে তাঁদেরও অপহরণ করে নিয়ে যাওয়া হয়। সুস্মিতা বলছিলেন, এ ঘটনার বিচার না হলে মানুষ আর প্রতিবাদ করবে না। একজনের কিছু হলে অন্যজন চোখ বুজে থাকবে।

সাত খুন মামলার বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা চাই দ্রুত এই রায় কার্যকর করা হোক। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অপর মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বলেন, ‘নিম্ন আদালতের রায় উচ্চ আদালত বহাল রেখেছেন। প্রকৃত দোষীদের শাস্তি হয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি।’

নজরুলের ব্যবসা দেখাশোনা করতেন তাজুল ইসলাম। একই সঙ্গে স্থানীয় একটি প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করতেন। নজরুলই তাঁর পড়ালেখার খরচ চালাতেন। তাজুলের বাবা আবুল খায়ের বলেন, ‘আমি সন্তান হারাইছি। ক্ষতটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কিন্তু আদালত থেকে যে রায় পাইছি, তাতে আমরা সন্তুষ্ট। চাওয়া একটাই, যেন রায় দ্রুত কার্যকর হয়।’

সিরাজুল ইসলাম লিটন ছিলেন নজরুলের ব্যবসার অংশীদার। বই পড়া আর ঘুরে বেড়ানোই ছিল তাঁর নেশা। সিরাজুলের ছোট ভাই সাইফুল ইসলাম রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন। তাঁর স্ত্রী মোর্শেদা বেগম বলেন, ‘আমরা অনেক খুশি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে আমরা অমানবিক জীবন যাপন করলেও অনেক কষ্টের মাঝে আনন্দ লাগছে।’

অসন্তুষ্ট আসামিদের পরিবার

সাত খুনের ঘটনায় নিম্ন আদালত ও উচ্চ আদালতে নিয়মিত উপস্থিত ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানার শাশুড়ি সুলতানা রহমান। গতকাল রায়ের পর আদালতকক্ষে তিনি প্রথম আলোকে বলেন, ‘ন্যায়বিচার পাইনি। তারেক সাঈদ, আরিফ হোসেন এবং এম এম রানা একই ধরনের অপরাধ করেনি। কিন্তু গড়ে সবাইকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করব।’

আদালতে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদের বাবা মজিবুর রহমান ও তাঁর স্ত্রী। রায় ঘোষণার পর তাঁরা দুজনই দ্রুত আদালত থেকে চলে যান। পরে মুঠোফোনে জানতে চাইলে মজিবুর রহমান বলেন, র‍্যাব সদর দপ্তরের নির্দেশের বিষয়ে কোনো তদন্তই হয়নি এই মামলায়। রায়ে তাঁরা সন্তুষ্ট নন। আপিল করবেন বলে জানান।