মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর ফাঁসি আপিল বিভাগে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১ ও গণজাগরণ মঞ্চ। মীর কাসেমের জন্মস্থান মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে।
সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১-এর এক বিবৃতিতে বলা হয়, ‘আলবদর বাহিনীর তৃতীয় প্রধান একাত্তরের কুখ্যাত এই যুদ্ধাপরাধীর যোগ্য শাস্তি নিশ্চিত হওয়ায় যুদ্ধাপরাধ বিচারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, হানাদার পাকিস্তানি বাহিনীর অন্যতম দোসর হিসেবে ১৯৭১ সালে চট্টগ্রাম অঞ্চলের ত্রাস ছিলেন এই যুদ্ধাপরাধী। বাংলাদেশের স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধী জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ জোগানদাতাও ছিলেন তিনি।
এদিকে গতকাল সকাল সাড়ে আটটা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা। রায়ের খবর পাওয়ার পর মঞ্চের কর্মী-সংগঠকেরা উল্লাস প্রকাশ করেন। একে অপরকে জড়িয়ে ধরেন। সেখান থেকে আনন্দ মিছিল করে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার শাহবাগে ফিরে আসেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, এই রায়ে ধনকুবের যুদ্ধাপরাধী মীর কাসেমকে রক্ষার জন্য দেশবিরোধী অপশক্তির সব ষড়যন্ত্রের চূড়ান্ত পরাজয় হয়েছে। প্রমাণিত হয়েছে, ন্যায্য আন্দোলনের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই বাধা হতে পারে না। একই সঙ্গে মীর কাসেমের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসার আহ্বান জানান ইমরান এইচ সরকার।
এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তির পাশাপাশি এবার একাত্তরের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত রাজনৈতিক দল ও দেশগুলোর বিচার ও জবাবদিহির ব্যবস্থা করতে দ্রুত উচ্চ পর্যায়ের কমিশন গঠন করতে হবে।
হরতাল প্রত্যাখ্যান: বিকেলে গণজাগরণ মঞ্চের এক খুদে বার্তায় জানানো হয়, জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে মঞ্চের কর্মী-সংগঠকেরা আজ বুধবার বেলা ১১টায় শাহবাগে হরতালবিরোধী মিছিল করবেন।
মানিকগঞ্জে আনন্দ মিছিল: মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় তাঁর জন্মস্থান মানিকগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে এই মানবতাবিরোধীর ফাঁসি দ্রুত কার্যকর ও লাশ মানিকগঞ্জে দাফন না করার দাবি জানানো হয়।
এলাকায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন মিছিল ও সমাবেশ করে। বেলা ১১টার দিকে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক বিপ্লবী সংঘের (সাবিস) মিলনায়তনের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ: মিষ্টি বিতরণ করে শহরে আনন্দ মিছিল করেছে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদও। কিশোরগঞ্জ সংবাদদাতা জানান, রায় ঘোষণার খবর পেয়ে মুক্তিযোদ্ধারা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মিলিত হয়ে মিষ্টি বিতরণ করেন। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আসাদ উল্লাহ রায়ে সন্তোষ প্রকাশ করে তা অবিলম্বে কার্যকর করার দাবি জানান। এরপর শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়।