সাংবাদিক সন্তোষ গুপ্ত স্মরণে আয়োজিত আলোচনা সভায় গতকাল শনিবার বক্তারা বলেছেন, তিনি ছিলেন উজান স্রোতের মানুষ। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় হিন্দুরা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে পাড়ি জমান, আর মুসলমানরা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে আসেন। কিন্তু সন্তোষ গুপ্ত কলকাতা থেকে জন্মভূমি বাংলাদেশে ফিরে আসেন।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সন্তোষ গুপ্ত স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে সামাজিক সংগঠন ঘাসফুল। সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। তিনি বলেন, সন্তোষ গুপ্ত সমাজ ও রাষ্ট্রব্যবস্থার অসংগতি, দুর্বলতা এবং রাজনীতিতে ডান-বামের বিচ্যুতি নিয়ে খুবই অসন্তুষ্ট ছিলেন। লেখায় সেই অসন্তোষের কথা জানাতে এই কলমযোদ্ধা কোনো দ্বিধা করেননি।
মূল প্রবন্ধে বলা হয়, সন্তোষ গুপ্ত ছিলেন একাধারে কবি, লেখক, সাংবাদিক, সমালোচক ও রাজনৈতিক ভাষ্যকার। পাশাপাশি তিনি ছিলেন চিত্রকলার একজন কুশলী সমালোচক। উনসত্তরের গণ-অভ্যুত্থানের সময় তিনি আজাদ পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন। পরে সংবাদ-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিক কামাল লোহানী বলেন, দেশের প্রখ্যাত সাংবাদিক রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন, সন্তোষ গুপ্তের মতো মানুষদের জীবনী পাঠ্যপুস্তকে ছাপা হলে পরবর্তী প্রজন্ম অনেক কিছু শিখতে পারত। কিন্তু তা না করে পাঠ্যপুস্তকের বইয়ের প্রচ্ছদে হাফপ্যান্ট পরা ছেলেকে পায়জামা আর টুপি পরানো হচ্ছে। সন্তোষ গুপ্ত, শহীদুল্লা কায়সারের মতো সাংবাদিকেরা অসাম্প্রদায়িকতা, সত্যভাষণ এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে দৃষ্টান্ত দেখিয়ে দিয়ে গেছেন, আমরা তা ধরে রাখতে পারিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, সংবাদ-এর সহকারী সম্পাদক হারাধন গাঙ্গুলী, সাহিত্যিক মাহবুব তালুকদার, সন্তোষ গুপ্তের ছেলে প্রিয়তোষ গুপ্ত প্রমুখ।