সন্তোষ গুপ্তের নবম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য সাংবাদিক-সাহিত্যিক, দৈনিক সংবাদ-এর সাবেক সিনিয়র সহকারী সম্পাদক সন্তোষ গুপ্তের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।সন্তোষ গুপ্ত নিষ্ঠাবান সাংবাদিক, চিন্তাশীল লেখক এবং অগাধ পাণ্ডিত্যের অধিকারী সংবেদনশীল মানুষ ছিলেন। রাজনৈতিক চেতনায় অভিষিক্ত হয়ে তিনি সাংবাদিকতা পেশায় ভিন্নমাত্রা যোগ করেছিলেন। সৎ ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ সন্তোষ গুপ্তর জন্ম ১৯২৫ সালের ৯ জানুয়ারি ঝালকাঠির রুনসী গ্রামে। ১৯৫৭ সালে তিনি সাংবাদিকতায় আসেন। দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী ধরে তিনি এই পেশায় যুক্ত ছিলেন। তাঁর ‘অনিরুদ্ধের কলাম’ পাঠকমহলে সমাদৃত হয়েছিল। কবিতা, শিল্পকলা, রাজনীতি, সাহিত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে তাঁর ১৮টি গ্রন্থ রয়েছে। সাংবাদিকতা ও সাহিত্যে অবদান রাখার জন্য তিনি একুশে পদক, শেরেবাংলা পদক, বঙ্গবন্ধু পদক, মাওলানা তর্কবাগীশ পদক, জহুর হোসেন স্মৃতি পদকসহ বিভিন্ন পুরস্কার, পদক ও সম্মাননা পেয়েছেন। নবম মৃত্যুবাষির্কী উপলক্ষে সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে আজ সকাল ১০টায় পোস্তগোলায় নির্মিত সন্তোষ গুপ্ত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সন্তোষ গুপ্তের পরিবারের পক্ষ থেকেও তাঁর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হবে। স্মৃতিস্তম্ভটি চিত্রশিল্পী কালিদাস কর্মকারের পরিকল্পনা ও স্থপতি রবিউল হুসাইনের স্থাপত্য নকশায় শিল্পী ইমতিয়াজ নূর নির্মাণ করেছেন। বিজ্ঞপ্তি।