সন্ত্রস্ত গাইবান্ধা অর্ধেক কেন্দ্রেই ভোট হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের আগের দিন রাতেই পুড়িয়ে দেওয়া হয়েছে অর্ধশত কেন্দ্র। হামলা, ভাঙচুর ও হুমকির কারণে আরও শতাধিক কেন্দ্রে ব্যালটই সরবরাহ করা যায়নি। ফলে গাইবান্ধার চারটি আসনের ৪৬২টি কেন্দ্রের ২১০টি কেন্দ্রেই ভোট গ্রহণ স্থগিত করতে বাধ্য হয়েছে প্রশাসন। নির্বাচন প্রতিরোধের ডাক দেওয়া জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের তাণ্ডবের কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।
পরিসংখ্যানের দিক থেকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির করা একতরফা নির্বাচনে এর চেয়ে খারাপ ছিল এই গাইবান্ধার অবস্থা। তখন মোট কেন্দ্র ছিল ৪২২টি এবং এর কোনোটিতেই ভোট তো দূরের কথা, ব্যালটসহ কোনো সরঞ্জামই পৌঁছানো যায়নি। গাইবান্ধা-২ আসনে দুটি কেন্দ্রে ভোট নেওয়ার চেষ্টা করা হলেও তা পুড়িয়ে দেওয়া হয়। ওই নির্বাচন বর্জন ও প্রতিহত করেছিল আওয়ামী লীগ ও জামায়াত।
গতকাল যে ২৫২টি কেন্দ্রে ভোট হয়েছে সেখানে ভোটারদের সরব উপস্থিতি ছিল না। বরং বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে বিভিন্ন স্থানে। এতে মারাও গেছেন একজন। আহত হয়েছেন অর্ধশত।
গাইবান্ধা শহর বাদে বাকি চারটি উপজেলা পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জে সাধারণ মানুষের মধ্যে ছিল চরম আতঙ্ক। আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের পরিবেশ বজায় রাখতে পারেনি।
তবে গাইবান্ধা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ মনোয়ার হোসেন নিজের দলেরই স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১৩টি কেন্দ্র দখলের অভিযোগ এনেছেন। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলীর বিরুদ্ধে একই রকম অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী জাসদ নেতা খাদেমুল ইসলাম।
আতঙ্কের জেলা গাইবান্ধায় গতকাল সকাল থেকেই ছিল তীব্র শীত আর কুয়াশা। ফলে ভোটকেন্দ্রগুলোতে লোকজন তেমন চোখে পড়েনি। এর মধ্যে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত-শিবির কর্মীরা হামলা চালাচ্ছেন—এমন খবরে মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়ে।
বেলা ১১টার দিকে সদর উপজেলার চাপাদহ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণ বন্ধ। ব্যালট বাক্স ভাঙা। প্রিসাইডিং কর্মকর্তা রওশন আলী জানালেন, সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর শতাধিক লোক এসে হামলা চালিয়ে সাতটির মধ্যে ছয়টি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে গেছে।
গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে গিয়ে দেখা গেল, কোনো ভোটার নেই। সাদুল্লাপুর উপজেলার নিয়ামতনগর উচ্চবিদ্যালয় মাঠে দুপুরে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণই শুরু করা যায়নি। প্রিসাইডিং কর্মকর্তা রেজানুল হক তালুকদার জানান, শনিবার বিকেলে তাঁরা এখানে ব্যালট বাক্স নিয়ে এসেছিলেন। তাঁদের ওপর হামলা চালিয়ে ব্যালটে আগুন দেওয়া হয়। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়। তাই ভোট নেওয়া হচ্ছে না।
একই অবস্থা জানালেন বুড়িভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুব আলম। এখানেও নির্বাচন হয়নি। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন প্রথম আলোকে জানান, কেন্দ্র পুড়িয়ে দেওয়ায় ২১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
নির্বাচন চলাকালে সবচেয়ে খারাপ অবস্থা ছিল পলাশবাড়ী উপজেলায়। পশ্চিম মির্জাপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ভোটই শুরু করা যায়নি। প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘ব্যালট বাক্স পৌঁছায়নি’। একই অবস্থা জানালেন রওশনবাগ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হক।
পলাশবাড়ীর বিভিন্ন কেন্দ্রে জামায়াত-শিবিরের লোকজনকে পাহারা দিতে দেখা যায়। বেলা পৌনে ১১টার সময় সুইগ্রামে পুলিশের একটি টহল দল গেলে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ গুলি চালালে তিনজন আহত হয়। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা এলাকায় একাধিক স্থানে বিশাল গাছ কেটে সড়কে অবরোধ সৃষ্টি করে জামায়াত-শিবির।
পলাশবাড়ী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেল, ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিই স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সরবরাহ করা যায়নি।
একই কারণে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে ৭০টি, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ৪৮টি এবং গাইবান্ধা-২ (সদর) আসনের ৯৬টির মধ্যে ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়নি।
গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম অভিযোগ করেছেন, ৭৯টি কেন্দ্রেই ভোট হয়নি। যেগুলোতে হয়েছে বলা হচ্ছে, সেগুলোতে আওয়ামী লীগের লোকজন ব্যালট বাক্স উপজেলায় নিয়ে এসে সিল মেরেছে। তিনি পুনর্নির্বাচন দাবি করেছেন।
গাইবান্ধা-৪ আসনে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্ব্বিতা হচ্ছে। এখানে স্বতন্ত্র প্রার্থী উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের লোকজন অন্তত ১৩টি কেন্দ্র দখল করেছে বলে অভিযোগ করেছেন বর্তমান সাংসদ আওয়ামী লীগের প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘একদিকে জামায়াত-শিবিরের তাণ্ডব, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব। আমি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ১৩টি কেন্দ্রের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি।’
বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মহিমাগঞ্জের একটি ভোটকেন্দ্র থেকে ফেরার পথে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে পেট্রলবোমা হমলায় গোবিন্দগঞ্জ থানার কনস্টেবল আবুল কালাম আজাদ ও ফজলুল হক আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
জানতে চাইলে জেলার রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ‘আমার মতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে’।