সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি
দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া মেয়র প্রার্থীরা একই মঞ্চে উপস্থিত হয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নিয়েছেন। অনেক প্রার্থী স্বজনপ্রীতি না করার এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। টিআইবি, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে আয়োজিত সভা ও জনতার মুখোমুখি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থীরা এসব প্রতিশ্রুতি দেন এবং শপথ নেন। গত শুক্র ও শনিবার এসব অনুষ্ঠান হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চার মেয়র প্রার্থীই সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুজন আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে তাঁরা এসব অঙ্গীকার করেন। এতে মো. নাসির জমাদ্দার, মাহবুব আলম, লোকমান হোসেন ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সুজনের বাকেরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার দাস।দিনাজপুর: দিনাজপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত এবং সেখানে শিশুপার্ক নির্মাণ করার ও কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন সাত মেয়র প্রার্থী। তাঁরা হচ্ছেন তৈয়ব উদ্দিন চৌধুরী, মো. তারেজুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর আলম, কিশোর কুমার রায়, মো. মুজতবা একরাম হাসনাইন ও সফিকুল হক। তাঁরা গত শনিবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এক মঞ্চে উপস্থিত হয়ে এসব প্রতিশ্রুতি দেন। গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ছয় মেয়র প্রার্থী দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ার শপথ নিয়েছেন। গাইবান্ধা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে সনাকের উদ্যোগে আয়োজিত জনতার মুখোমুখি শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁরা এই শপথ নেন। এতে অংশ নেওয়া ছয় মেয়র পদপ্রার্থী হলেন শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, হামিদুল, শামসুল আলম, শাহ শফিকুল ইসলাম, মমতাজুর রহমান ও শাহাদৎ হোসেন। লালমনিরহাট: দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার করেছেন লালমনিরহাট পৌরসভার পাঁচ মেয়র পদপ্রার্থী। গত শুক্রবার লালমনিরহাট জেলা কালেক্টরেট ময়দানে একই মঞ্চে আয়োজিত নাগরিক সমাবেশে তাঁরা অঙ্গীকার করেন। সনাক ও সুজন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেছে। এতে অংশ নেওয়া প্রার্থীরা হচ্ছেন আবদুর রশিদ, চিত্তরঞ্জন রায়, মোশারফ হোসেন, রিয়াজুল ইসলাম ও হাফিজুর রহমান।টাঙ্গাইল: টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ছয় মেয়র প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে দুর্নীতি, সন্ত্রাস, পরিবেশদূষণ ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। টাঙ্গাইল শহীদ মিনারে আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে এসে তাঁরা এসব প্রতিশ্রুতি দেন। সুজনের টাঙ্গাইল জেলা ও সদর উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেওয়া প্রার্থীরা হলেন জামিলুর রহমান, সহিদুর রহমান খান, জাফর আহমেদ, এ কে এম শফিকুল ইসলাম, আতাউর রহমান খান ও সৈয়দ খালেদ মোস্তফা।জামালপুর: জামালপুর পৌরসভার চার মেয়র প্রার্থী একই মঞ্চে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত পৌরসভা গঠনের অঙ্গীকার করেছেন। তাঁরা হচ্ছেন মো. আমান উল্লাহ, শাহ মো. ওয়ারেছ আলী, মাহবুবুর রহমান ও সৈয়দ ইউনুছ আহাম্মদ।