যশোর, বাগেরহাটের মংলা, রাজশাহীর চারঘাট ও পাবনার চাটমোহর পৌরসভার মেয়র পদপ্রার্থীরা ‘জনতার মুখোমুখি অনুষ্ঠানে জনগণকে সঙ্গে নিয়ে পৌর এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা, ইভ টিজিং প্রতিরোধ, পৌরকরের বৈষম্য দূর, রাস্তাঘাটের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন।’ সুশাসনের জন্য নাগরিক (সুজন), সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত এসব অনুষ্ঠানে প্রার্থীরা উপস্থিত জনতার বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে আয়োজকদের পক্ষ থেকে অঙ্গীকারনামায় প্রার্থীদের সই নেওয়া হয়। বাগেরহাট ও মংলা: গতকাল বুধবার বেলা ১১টায় মংলা বন্দর শ্রমিক সংঘ মিলনায়তনে অনুষ্ঠানে মংলা পোর্ট পৌরসভার ছয়জন মেয়র পদপ্রার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা সাঈদুর রহমান।অনুষ্ঠানে অংশগ্রহণকারী মেয়র পদপ্রার্থীরা হলেন মোল্লা আবদুল জলিল, শেখ আবদুস সালাম, শাজাহান শিকারী, জালাল আহমেদ, তালুকদার আক্তার ফারুক ও মো. জুলফিকার আলী। পৌরসভার অন্য তিনজন মেয়র পদপ্রার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।যশোর: গত মঙ্গলবার বিকেলে শহরের টাউন হল ময়দানের রওশন আলী স্মৃতিমঞ্চে অনুষ্ঠানে যশোর পৌরসভার পাঁচজন মেয়র পদপ্রার্থী অংশ নেন। তাঁরা হচ্ছেন এস এম কামরুজ্জামান, মারুফুল ইসলাম, ইকবাল কবির, শরিফুল ইসলাম চৌধুরী ও ফজলুল করীম। এতে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান। রাজশাহী: গত মঙ্গলবার চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত অনুষ্ঠানে চারঘাট পৌরসভা নির্বাচনে পাঁচজন মেয়র পদপ্রার্থী অংশ নেন। তাঁরা হচ্ছেন আক্তারুজ্জামান, আনোয়ার হোসেন, ইউনুস আলী তালুকদার, জাকিরুল ইসলাম বিকুল ও নার্গিছ খাতুন। রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূরুল আলম। চাটমোহর (পাবনা): সুশাসনের জন্য নাগরিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে ইছামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে চাটমোহর পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল মান্নান সরকার, রেজাউল করিম, হাসাদুল ইসলাম ও মাহাতাব হোসেন উপস্থিত ছিলেন। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ সরকার সভায় প্রধান বক্তা ছিলেন। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন প্রমুখ।