সন্ত্রাস ও উগ্রপন্থা মোকাবিলায় একযোগে কাজ করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে গতকাল কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহকে ফুল দিয়ে স্বাগত জানান। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর উভয়​ দেশের মধ্যে বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং সড়ক যোগাযোগ–বিষয়ক চারটি চুক্তি সই হয় l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে গতকাল কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহকে ফুল দিয়ে স্বাগত জানান। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর উভয়​ দেশের মধ্যে বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং সড়ক যোগাযোগ–বিষয়ক চারটি চুক্তি সই হয় l ছবি: বাসস

বাংলাদেশ ও কুয়েত সন্ত্রাস ও উগ্রপন্থাকে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে একযোগে কাজ করার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। এ ছাড়া দুই দেশ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, জনশক্তি রপ্তানি, সামরিক ও আইসিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় আলোচনায় এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।
কুয়েতের সফররত প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ সে দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুই দেশের প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিটের একান্ত বৈঠকে মিলিত হন। পরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রসচিব বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সামগ্রিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি বলেন, দুই প্রধানমন্ত্রীই সন্ত্রাস ও উগ্রবাদের প্রশ্নে তাঁদের ‘জিরো টলারেন্স’ নীতির ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে কুয়েতের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ সমগ্র মুসলিম উম্মাহ এবং সমগ্র মানবতার জন্যই বিরাট চ্যালেঞ্জ। বৈঠকে এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতার বিষয় উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ বিষয়ে জাতিসংঘ এবং ওআইসির নেতৃত্বে কাজ করে যাচ্ছে।
পররাষ্ট্রসচিব বলেন, আনুষ্ঠানিক আলোচনায় বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, বাণিজ্যিক ব্যবধান হ্রাস, কুয়েতে জনশক্তি রপ্তানি বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার মতো ছয়টি খাতের ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে, বিশেষ করে আইটি ও শিল্পে বিনিয়োগের জন্য কুয়েতের প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। জবাবে কুয়েতের প্রধানমন্ত্রী অনুরোধ গ্রহণ করে বলেন, তাঁর সঙ্গে সে দেশের একটি বড় প্রতিনিধিদল রয়েছে। শেখ হাসিনা জ্বালানি খাতে কুয়েতের সহযোগিতা কামনা করেন। জবাবে কুয়েতের প্রধানমন্ত্রী সহায়তার আশ্বাস দেন। বাণিজ্যিক ব্যবধান কমাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি যৌথ বাণিজ্য কমিটি গঠন এবং কুয়েতে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের প্রস্তাব দেন।
মো. শহীদুল হক বলেন, আলোচনায় একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন এবং কুয়েতে জনশক্তি রপ্তানি ইস্যু নিয়ে আলোচনার প্রস্তাব করা হয়। আলোচনায় বাংলাদেশের পক্ষে অন্যদের মধ্যে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রমুখ। কুয়েতের পক্ষে ছিলেন সে দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ্ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহ, উপপ্রধানমন্ত্রী এবং অর্থ ও ভারপ্রাপ্ত তেলমন্ত্রী আনাছ খালেদ আল-সাবাহ। পরে কুয়েতের প্রধানমন্ত্রী সোনারগাঁও হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভোজসভায় যোগ দেন।
চারটি চুক্তি স্বাক্ষরিত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুয়েতের সফররত প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পরে উন্নয়ন সহযোগিতামূলক চারটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই নেতার উপস্থিতিতে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিগুলো হচ্ছে বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি, কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারী ব্যক্তিদের ভিসা সহজীকরণ-সংক্রান্ত চুক্তি, সামরিক খাতে প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা-বিষয়ক চুক্তি এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়কে লেবুখালী সেতু নির্মাণ প্রকল্পে ঋণসহায়তা চুক্তি।