যারা সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না।
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজারে গতকাল শুক্রবার বিকেলে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী তিন বছরের মধ্যে চাহিবামাত্র বিদ্যুৎ-সংযোগ পাবে জনগণ। আর আমি ঘোষণা দিচ্ছি, তিন বছর না, ইনশা আল্লাহ আগামী দুই বছরের মধ্যেই ফরিদপুরের জনগণ চাহিবামাত্র বিদ্যুৎ-সংযোগ পাবে।’ এ সময় তিনি আলিয়াবাদ ইউনিয়নে পদ্মার পাড়জুড়ে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার আশ্বাস দেন।
আগামী দুই বছরের মধ্যে ফরিদপুরে এক ইঞ্চি কাঁচা সড়ক থাকবে না মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, ফরিদপুরের পদ্মার চরে ১৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্ল্যান্টের নির্মাণকাজ শুরু হয়েছে। একইভাবে ১৫০ মেগাওয়াটের আরও একটি বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ করা হবে।
সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অনিমেষ রায়, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সোহেল রেজা, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, সাধারণ সম্পাদক শহিদ হোসেন মোল্লা প্রমুখ। সভায় আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক লিটন মোল্লা মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।