সন্ত্রাস ও জঙ্গিবাদ উচ্ছেদে সোচ্চার হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গতকাল রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে উলামা সম্মেলনে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গতকাল রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে উলামা সম্মেলনে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ উচ্ছেদে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে এ দুই অশুভ শক্তি উচ্ছেদে আলেম-ওলামাদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আয়োজিত এক ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ জমিয়াতুল উলামা এ সম্মেলন আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের জন্য সুখবর, দেশের মানুষের মধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী একটা চেতনা সৃষ্টি হয়েছে। এ চেতনা আরও শাণিত করা দরকার। আপনারা যাঁরা ধর্ম শিক্ষা দেন, এটা মানুষকে আরও ভালোভাবে বোঝাতে হবে এবং ওলামায়ে কেরামগণ এখানে বিশেষ ভূমিকা রাখতে পারেন। আর কেউ যেন এই ভুল পথে না যায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামের সঠিক শিক্ষা যেন সবাই পায়, সে ব্যবস্থা আলেম-ওলামাদের নিতে হবে। ইতিমধ্যে আমরা সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একটা কমিটি করে জনমত সৃষ্টি করার যে নির্দেশ দিয়েছি, সেখানে মসজিদের ইমামরা, ওলামায়ে কেরামরা রয়েছেন। সবাই মিলেই এটার ব্যাপক প্রচার চালাবেন।’
সম্মেলনে ইসলামের দৃষ্টিতে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও আমাদের করণীয়’ বিষয়ে দেশের এক লাখ আলেম-ওলামা স্বাক্ষরিত ‘ফতোয়া’র প্রেক্ষাপট তুলে ধরা হয়। স্বাক্ষরসংবলিত ৩০ খণ্ড ‘ফতোয়া’র একটি খণ্ড প্রতীকী হিসেবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শোলাকিয়া ঈদ জামাতের প্রধান ইমাম ও জমিয়তুল উলামার সভাপতি ফরিদ উদ্দীন মাসউদ। প্রধানমন্ত্রী এই স্বাক্ষর সংগ্রহকে মহৎ উদ্যোগ উল্লেখ করে সন্ত্রাসের পথ ইসলামের পথ নয়, এটি সাধারণ মানুষকে বোঝানোর জন্য আলেম-ওলামাদের ওপর দায়িত্ব দেন।
সম্মেলনে আলেমদের দাবির পরিপ্রেক্ষিতে কওমি মাদ্রাসা সনদ দেওয়ার উদ্যোগ বাস্তবায়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘সনদ দিতে হলে ন্যূনতম একটা কারিকুলাম দরকার। আমরা কওমি মাদ্রাসা কমিশন গঠন করে দিয়েছি। কিন্তু কওমি মাদ্রাসার পাঁচটি বোর্ড একমত হতে পারেনি।’ সবাইকে একমত হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সবাই একমত হোন অথবা যাঁরা আগ্রহী, তাঁরা একমত হোন, আমরা বাস্তবায়ন শুরু করে দেব।’
সম্মেলনে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জমিয়াতুল উলামার সভাপতি মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ সম্মেলনে বক্তৃতা করেন।