
সন্ত্রাস ও জঙ্গিবাদকে বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ আখ্যায়িত করে এর মোকাবিলায় একযোগে কাজ করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাতে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বাংলায় এই ভাষণ দেন।
শেখ হাসিনা বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সীমানা নেই। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সব রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমি নিজে সন্ত্রাস এবং সহিংস জঙ্গিবাদের শিকার। আমার পিতা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তিন ভাই এবং অন্য নিকটাত্মীয়দের ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়। আমি নিজেও কমপক্ষে ১৯ বার সন্ত্রাসী হামলার শিকার হয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস জঙ্গিবাদ এবং মৌলবাদের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। তিনি বলেন, ‘বাঙালি জাতির গণতান্ত্রিক, প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ চরিত্র ধ্বংসের ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে, সেসব চরমপন্থী ও স্বাধীনতাবিরোধী শক্তির মোকাবিলায় আমরা সদা-তৎপর।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত না হলে আমরা টেকসই উন্নয়নও নিশ্চিত করতে পারব না। এ জন্য আমরা শান্তি সমুন্নত রাখতে, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে বদ্ধপরিকর। এই চেতনা থেকেই আমরা দেশে যুদ্ধাপরাধীদের বিচার করছি। যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করেছে, ধর্ষণ এবং গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ধর্মীয় সম্প্রীতি এবং সহনশীলতা বজায় রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা বর্তমানে এমন এক বাংলাদেশ বিনির্মাণের পথে এগোচ্ছি যেখানে দারিদ্র্য, অসমতা এবং বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তে সামাজিক ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। দারিদ্র্যের হার ১৯৯১ সালে যেখানে ৫৬.৭ শতাংশ ছিল, বর্তমানে তা ২২.৪ শতাংশে নেমে এসেছে। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করেছি। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের মান অনুযায়ী নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘উৎপাদনমুখী সম্পদে নারীর প্রবেশাধিকার এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে তাঁদের প্রতিনিধিত্ব বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়নের ফলাফল দৃশ্যমান হচ্ছে। অটিজম ও অন্যান্য বুদ্ধিপ্রতিবন্ধিতায় আক্রান্ত ব্যক্তিদের অধিকার আদায়ে জাতিসংঘে আমরা নেতৃস্থানীয় ভূমিকা পালন করছি।’
শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন একটি মারাত্মক উন্নয়ন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব না হলে আমাদের উন্নয়ন প্রচেষ্টা এগিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না।’
শেখ হাসিনা বলেন, ‘এ পর্যন্ত আমাদের সাহসী শান্তি বাহিনীর সদস্যরা বিশ্বের ৪০টি দেশের ৫৪টি মিশনে নিয়োজিত রয়েছেন। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক নারী পুলিশ সদস্য নিয়োজিত করার শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মিয়ানমারের সঙ্গে স্থল এবং সমুদ্র সীমানা সমস্যা-সংক্রান্ত সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান করেছি। গত ৩১ জুলাই মধ্যরাতে আমরা ভারতের সঙ্গে ১৬২টি ছিটমহল বিনিময় করেছি। এ কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার মাধ্যমে আমরা সমগ্র বিশ্বের কাছে কূটনৈতিক সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছি।’