সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রাখছেন মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম। ছবি: ফোকাস বাংলা
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রাখছেন মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম। ছবি: ফোকাস বাংলা

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সফল দেশগুলোর একটি বাংলাদেশ বলে মন্তব্য করেছেন মসজিদুল হারাম এবং মসজিদে নববির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম এসব কথা বলেন। খবর বাসস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আবদুল মোহসিন বিন মোহাম্মদ বিন আবদুল রহমান আল কাশেম এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বক্তব্য দেন।

মসজিদুল হারাম ও মসজিদে নববির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যে কয়েকটি দেশ সফলতা দেখিয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সফল হয়েছে।’ বর্তমান বিশ্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে ইসলামকে সম্পৃক্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।...মুসলমানদের দেশে বাসকারী অমুসলিমদের জানমালের দায়িত্ব মুসলমানদের।’ তিনি বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের জোট নিয়ে দিন-রাত আমরা কাজ করে যাচ্ছি।’

‘ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স টু ফাইট টেররিজম’ নামে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠিত হয়।

মুসলমানদের উদ্দেশে মুহাম্মদ বিন নাসের আল খুজাইম বলেন, ‘আজকাল দেখছি, মুসলমানের দেশে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে। এদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। ইসলামে এটি বড় গুনাহ। কোনো বিধর্মীকেও কোনো মুসলমান বিনা কারণে হত্যা করতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ‘একজন মুসলমানকে যদি আরেক মুসলমান হত্যা করে, তার জন্য জাহান্নামের আগুন রয়েছে। তাকে কেউ এই আগুন থেকে বাঁচাতে পারবে না।’ তিনি বলেন, ‘এমনকি মুসলমানের দেশে ভিন্নধর্মীদের জানমালের নিরাপত্তাবিধান করাও আমাদের দায়িত্ব।’ তিনি বলেন, ‘যারা দেশে অশান্তি নিয়ে আসতে চায়, যারা জঙ্গিবাদে জড়িত, মানুষ হত্যা করছে, রক্তপাত ঘটাচ্ছে, যারা মানুষকে ভয়ভীতির মধ্যে রাখে, হত্যা বা জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, তাদের সঙ্গেও ইসলামের সম্পর্ক নেই।’

যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িত, তারা দ্বীন-ই মাদরাসার ছাত্র হতে পারে না উল্লেখ করে মোহাম্মদ বিন নাসির আল খুজাইম বলেন, ‘জঙ্গিবাদ মুক্ত করতে হলে ইসলামি সংস্কৃতি ও শিক্ষাকে মজবুত করতে হবে।’ তিনি বলেন, কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যেখানে মানুষকে পথভ্রষ্ট ও গোমরাহর শিক্ষা দেওয়া হয়। তাদের বলে দাও, তোমাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। ইসলামের সবচেয়ে উত্তম প্রতিষ্ঠান হচ্ছে আপনার পরিবার, এরপর মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি বলেন, ‘আমাদের সৌদির বাদশাহ বলেছেন, যারা জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে ইসলামের বদনাম করছে, তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। তিনি বিশ্ব থেকে জঙ্গিবাদ মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

মুসলিম বিশ্বের পবিত্র দুটি মসজিদের ভাইস প্রেসিডেন্ট বলেন, বিশ্বে সৌদি আরবই প্রথম দেশ, যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘আমাদের দেশেও সন্ত্রাস ও জঙ্গিবাদ চালানো হয়েছে। তাদের দমনের জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করেছি। যারা ইসলামের নামে সন্ত্রাসের শিক্ষা দিচ্ছে, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই সন্ত্রাসীরা কী চায়, উদ্দেশ্য কী, সবাই জানি। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। সৌদি আরবকেও তারা ছাড়েনি। সৌদি আরব যেভাবে সাহসের সঙ্গে সন্ত্রাস-জঙ্গি দমনে ভূমিকা রেখেছে, যে কারণে জঙ্গিরা সেখানে আস্তানা গড়তে পারেনি বলেও তিনি উল্লেখ করেন।’ সৌদি আরব এ বিষয়ে স্পেশাল ফোর্স গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘কীভাবে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস দমন করতে পারি, এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।’ সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আলাদা ইনস্টিটিউট করেছি। জঙ্গি দমনে জাতিসংঘও তাঁদের সহযোগিতা করছে বলে তিনি জানান।
আরও পড়ুন
সন্ত্রাস-জঙ্গিবাদে লাভবান অস্ত্র ব্যবসায়ীরা