সক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে সন্ত্রাস ও সহিংস উগ্রবাদ দমনে সহযোগিতা বাড়াতে রাজি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে পঞ্চম অংশীদারত্ব সংলাপের প্রথম দিনের আলোচনায় নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে দুই দেশ একমত হয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দিনের আলোচনার প্রথম দিনে নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা—এই তিন কর্মদলের বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে দুই দেশ বিস্তারিত ও খোলামেলা আলোচনা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় তিন দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রতিনিধিদল।
গত সাড়ে চার দশকে কৃষি, উচ্চশিক্ষা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসহ বাংলাদেশের বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার জন্য আলোচনায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) প্রশংসা করে বাংলাদেশ প্রতিনিধিদল। বিদ্যমান খাতের পাশাপাশি নতুন খাতে সহযোগিতার ওপর দুই পক্ষ গুরুত্ব দেয়। কয়েক দশক ধরে মিয়ানমারের বিপুলসংখ্যক অনিবন্ধিত লোকজনকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে মার্কিন প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে দুই পক্ষ রাজি হয়েছে।
জ্বালানি খাতে এবং সামুদ্রিক অর্থনীতির মাধ্যমে আঞ্চলিক যোগাযোগে সহায়তায় মার্কিন প্রতিনিধিদল আগ্রহ দেখিয়েছে। তৈরি পোশাক খাতে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি এই খাতে সহযোগিতা নিয়ে দুই পক্ষ কথা বলেছে। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারেও দুই দেশ আলোচনা চালিয়ে যাবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে শুরু হওয়া এই আলোচনায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বাংলাদেশের এবং মার্কিন আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন তাঁর দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।