
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার চ্যালেঞ্জ নিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। সরকার দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কাজ করে চলেছে।
দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের উদ্বোধনী ভাষণে গতকাল সোমবার রাষ্ট্রপতি এসব কথা বলেন। সংবিধানমতে রাষ্ট্রপতি বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে ভাষণ দিয়ে থাকেন। তিনি ৭৬ পৃষ্ঠার মূল বক্তব্যের সারসংক্ষেপ পড়ে শোনান।
রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের নামে কতিপয় রাজনৈতিক দলের জ্বালাও-পোড়াও, ভাঙচুর, অগ্নিসংযোগ, খুন-জখমসহ ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সুদৃঢ় পদক্ষেপ নিয়েছে। বিগত মহাজোট সরকারের গ্রহণ করা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এর ফলে দেশে নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে এসেছে এবং জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
গতকাল বিকেল চারটার আগে সংসদের উত্তর দিকের প্রেসিডেন্ট প্লাজা দিয়ে রাষ্ট্রপতি সংসদ ভবনে ঢোকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি বাদক দল বিউগল বাজিয়ে রাষ্ট্রপতিকে সম্ভাষণ জানান।
বিকেল সোয়া চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এ সময় সংসদে উপস্থিত ছিলেন।
এক ঘণ্টার বেশি সময়ের এই বক্তব্যে রাষ্ট্রপতি অর্থনীতি, বাণিজ্য, কৃষি, বিদ্যুৎ, বৈদেশিক সম্পর্ক, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, সংবিধান সমুন্নত ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে ২০১৪ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দশম জাতীয় সংসদ গঠিত হয় এবং বর্তমান সরকারের ওপর দেশ পরিচালনার দায়িত্ব অর্পিত হয়।
রাষ্ট্রপতির ভাষণ শেষে সংসদের অধিবেশন আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।
তার আগে বিকেলে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে ৫ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদ নেতা শেখ হাসিনাসহ অন্যরা অংশ নেন।